ঢাকা | মে ৮, ২০২৬ - ২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম

বাঘায় ৪৯ লাখ টাকার জিরা ছিনতাই: এখনো ধরাছোঁয়ার বাইরে অভিযুক্তরা

  • আপডেট: Friday, May 8, 2026 - 12:10 am

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় সাড়ে ৪৯ লাখ টাকা মূল্যের ৯ হাজার কেজি জিরা এবং নগদ সাড়ে ৭২ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত বুধবার সকালে উপজেলার আড়ানী এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ফেরদৌস সরদার মিঠুন বাদী হয়ে বাঘা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

ভুক্তভোগী ব্যবসায়ী ফেরদৌস সরদার পাবনার সুজানগর উপজেলার চরচিনাখড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে। তিনি জানান, আড়ানী পালপাড়া গ্রামের চিনি ব্যবসায়ী শান্ত ইসলাম কয়েকদিন আগে তার কাছে এক ট্রাক জিরার অর্ডার দেন। সেই মোতাবেক প্রতি কেজি ৫৫০ টাকা দরে ৯ হাজার কেজি জিরা ট্রাকযোগে আড়ানীতে নিয়ে আসা হয়। বুধবার সকালে আড়ানী বাজারে পৌঁছালে শান্ত ইসলাম জিরাগুলো বুঝে নেন। বিনিময়ে তিনি নগদ ২৫ লাখ টাকা এবং অবশিষ্ট ২৪ লাখ ৫০ হাজার টাকার একটি চেক প্রদান করেন।

ব্যবসায়ী মিঠুনের দাবি, চেকের টাকা আড়ানী বাজারের ব্যাংক থেকে তুলে দেয়ার কথা বলে তাকে একটি গলির ভেতর নিয়ে যান শান্ত ইসলাম ও তার সহযোগীরা। সেখানে তাকে ছুরির ভয় দেখিয়ে নগদ টাকা ও চেকটি ছিনিয়ে নেয়া হয়। এরপর তাকে দ্রুত এলাকা ছেড়ে চলে যেতে প্রাণনাশের হুমকি দেয়া হয়। বিপদগ্রস্ত ব্যবসায়ী বিষয়টি স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হককে জানালে তিনি বিষয়টি মীমাংসার নামে কালক্ষেপণ করেন বলে অভিযোগ উঠেছে। উপায়ান্তর না দেখে ওই রাতেই মিঠুন বাঘা থানায় উপস্থিত হয়ে শান্ত ইসলাম, তার মামা সুজাত আহমেদ তুফান, জাহাঙ্গীর হোসেন ও সুইট ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

ট্রাক চালক লালচান জানান, জিরার চালানটি আড়ানীতে পৌঁছানোর পর শান্তর মামা বিএনপি নেতা সুজাত আহমেদ তুফানের বাড়ির পাশে ট্রাকটি রাখা হয়। টাকা পরিশোধের আগে মালামাল খালাসে আপত্তি জানানো হলে নাফিজ এন্টারপ্রাইজের নামে পূবালী ব্যাংকের একটি চেক দেয়া হয়। এরপর জিরার ১৫০ বস্তা (৪,৫০০ কেজি) ভুটভুটিতে করে অন্য স্থানে পাঠিয়ে দেয়া হয় এবং বাকি ১৫০ বস্তা সুজাত আহমেদের গোডাউনে আনলোড করা হয়। জানতে চাইলে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল করিম বলেন, জিরা ও টাকা ছিনতাইয়ের বিষয়ে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।