ঢাকা | মে ৮, ২০২৬ - ৪:৩২ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

  • আপডেট: Friday, May 8, 2026 - 12:09 am

স্টাফ রিপোর্টার: রেড ক্রিসেন্ট এর প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট-এর ১৯৮তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ও জেলা ইউনিটের আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, মানবতার সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। দুর্যোগ, মহামারি, অগ্নিকাণ্ড, বন্যা কিংবা যেকোনো মানবিক সঙ্কটে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানবিক মূল্যবোধ, স্বেচ্ছাসেবা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে রেড ক্রিসেন্টের কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে রাসিক প্রশাসক ও অন্যান্য অতিথিবৃন্দ জীন হেনরী ডুনান্ট-এর ১৯৮তম জন্মদিন উপলক্ষে কেক কাটেন। অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক ড. শামীম হোসেন চৌধুরী, সিটি ইউনিট অফিসার মীর্জা শামীম আহসান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ রেডক্রিসেন্টের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে জন্মদিন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী জেলা ইউনিটের আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করা হয়েছে। রাজশাহী জেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ সাহাবুদ্দীন, রেজাউল করিম, মীর মোজ্জামেল আলী এবং ইউনিট লেভেল অফিসার মীর্জা শামীম আহসান লাল। এ সময় রেড ক্রিসেন্টের সদস্য, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।