বাগমারায় তিন কর্মকর্তার বিরুদ্ধে এআই প্রযুক্তিতে অপপ্রচার, থানায় জিডি
বাগমারা প্রতিনিধি: বাগমারায় উপজেলা প্রশাসন ও পুলিশকে বিতর্কিত করতে একটি চক্রের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ছবি বানিয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। মাদক কারবারি ও নিষিদ্ধ সংগঠনের সদস্যরা একজোট হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলামের বিরুদ্ধে ফেসবুকের বিভিন্ন ভুয়া আইডি থেকে এই অপপ্রচার চালাচ্ছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, তাহেরপুরসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী কঠোর অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বেশ কয়েকজন মাদক কারবারিকে সাজা দেয়ায় ক্ষিপ্ত হয়ে চক্রটি এই পথ বেছে নিয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, বাগমারার পূর্বাঞ্চল বিশেষ করে তাহেরপুর, গোয়ালকান্দি ও হামিরকুৎসা এলাকাটি এক সময় নিষিদ্ধ সংগঠন জেএমবি ও সর্বহারা অধ্যুষিত রক্তাক্ত আতংকিত জনপদ হিসাবে খ্যাত ছিলো। তবে নিষিদ্ধ ওই দুটি সংগঠনের বর্তমানে তেমন কোন তৎপরতা না থাকলেও মাদককারবারী একটি চক্র ও কার্যক্রম নিষিদ্ধ অন্য একটি সংগঠনের লোকজন সক্রিয় হয়ে উঠেছে।
মাদককারবারী ও নিষিদ্ধ সংগঠনের ওই চক্রটি বর্তমানে একজোট হয়ে পুরো উপজেলায় ছড়িয়ে পড়েছে। তবে চক্রটি মুলত তাহেরপুর পৌর এলাকা থেকেই মূল কলকাঠি নাড়ছে বলে তথ্য রয়েছে।
পুলিশ ও গোয়েন্দা বিভাগসহ বিভিন্ন শ্রেণি-পেশার একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, প্রশাসনের কঠোর অবস্থান ও তৎপরতার কারণে মাদককারবারীদের পাশাপাশি নিষিদ্ধ ওই সংগঠনের কেউ বর্তমানে এই অঞ্চলে মাথা চাঁড়া দিতে সাহস পাচ্ছে না।
এ কারণে মাদক কারবারীদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের লোকজন একজোট হয়ে কৌশলে প্রশাসনকে বিভ্রান্ত ও বিতর্কিত করার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে টার্গেট করে বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, বর্তমানে তাহেরপুর পৌর এলাকাসহ যেসব এলাকায় মাদকের প্রবনতা বেশি, সেইসব এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এ কারণে কোন কোন এলাকার চিহ্নিত মাদক কারবারীরা সচেতন নাগরিকের ব্যানারে মাদক বিরোধী র্যালি ও মানববন্ধন করে প্রশাসনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
অপরদিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, এআই দিয়ে কর্মকর্তাদের ছবি বানিয়ে অপপ্রচারের অভিযোগে মঙ্গলবার রাতে একটি ফেসবুক আইডির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইডিটি শনাক্তসহ অপপ্রচারকারী চক্রটিকে গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।









