ঢাকা | অক্টোবর ২৮, ২০২৬ - ১১:৪০ অপরাহ্ন

মাদক কারবারি ও দুর্নীতিবাজদের ছাড় দেয়া হবে না: এমপি মিলন

  • আপডেট: Wednesday, October 28, 2026 - 10:32 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, মাদক কারবারি যত প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেয়া হবে না। মাদকের চেয়ে দুর্নীতিকে সমাজের বড় ব্যাধি হিসেবে উল্লেখ করে তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সততার সঙ্গে কাজ করার মাধ্যমে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর আহ্বান জানান।

বুধবার মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। মাদকের ভয়াবহতা তুলে ধরে এমপি মিলন বলেন, মাদকের কারণে সন্তান কর্তৃক মা-বাবাকে হত্যার মতো হৃদয়বিদারক ঘটনা ঘটছে। সম্প্রতি মোহনপুরেও এমন একটি ঘটনা ঘটেছে।

তিনি জানান, গত সংসদ অধিবেশনে এ বিষয়ে একটি কঠোর আইন পাস করা হয়েছে। নতুন আইনে অপরাধীরা যেন সহজে জামিন না পায়, সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাজার মেয়াদ বাড়িয়ে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডসহ জরিমানার বিধান রাখা হয়েছে।

ফসলি জমিতে পুকুর খননের তীব্র বিরোধিতা করে এমপি বলেন, কৃষিজমি নষ্ট করে কোনোভাবেই পুকুর খনন করতে দেয়া হবে না। যেসব জমিতে ইতিমধ্যে পুকুর কাটা হয়েছে, আইনের মাধ্যমে সেগুলোর শ্রেণি পরিবর্তনের নির্দেশ দেন তিনি। অবৈধ পুকুর খনন বন্ধ হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে জানিয়ে তিনি বিদ্যমান পুকুরগুলো সংস্কারের ওপর জোর দেন।

এ সময় তিনি উল্লেখ করেন, পুকুর খননকে কেন্দ্র করে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

আইন-শৃঙ্খলা সভার পর একই স্থানে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের বক্তব্য তুলে ধরেন। পরে এমপি মিলন উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও হাত ধোয়া প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার, সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রায়, অতিরিক্ত কৃষি অফিসার মমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খন্দকার সাগর আহম্মেদ উপস্থিত ছিলেন।