ঢাকা | এপ্রিল ২৬, ২০২৬ - ২:২০ পূর্বাহ্ন

রাণীনগরে ভুটভুটি উল্টে গাছের সাথে ধাক্কা, নিহত ১,আহত ৭

  • আপডেট: Saturday, April 25, 2026 - 10:22 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ভুটভুটি উল্টে গাছের সাথে ধাক্কায় জামিনা বেগম (৩০) নামে এক গৃহনির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এসময় ভুটভুটিতে থাকা অন্তত আরো ৭জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ২ জন রাণীনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আরো ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকালে উপজেলার কুনৌজ বাজার এলাকায়। নিহত জামিনা বেগম উপজেলার হরিশপুর মৎস্যজীবী পাড়া গ্রামের কমলা মন্ডলের স্ত্রী এবং আহতরা একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাদ দিয়ে ঘটনার তদন্ত কর্মকর্তা এসআই মিন্টু আহম্মেদ জানান,এদিন সকালে গৃহনির্মাণ শ্রমিকরা ভুটভুটি যোগে হরিশপুর থেকে রাণীনগর যাচ্ছিলেন। পথিমধ্যে এলাকার কুনৌজ বাজারের একটু অদূরে পৌছলে হঠাৎ করেই ভুটভুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের নিচে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে সাথে সাথে তাদেরকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করায়।

এর মধ্যে জামিনা বেগম মারা যান। রাণীনগর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎস ফিরোজ হোসেন জানান, ভুটভুটি উল্টে আহত মোট ৮জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে জামিনা বেগমসহ ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করলে পথি মধ্যে জামিনা মারা যান।

আহতদের মধ্যে রয়েছেন, হরিশপুর গ্রামের নয়ন হোসেন (৩২), একই গ্রামের তারেক রহমান (২৮), জাবেদ মিয়া (৩২), আল আমিন (৩০), আব্দুল লতিফ (২৮), পলাশ হোসেন (৩০) ও স্বজল হোসেন (৩০)। এর মধ্যে পলাশ ও সজল হোসেন রাণীনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া অন্য ৫জনকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের নিকট জামিনার মরদেহ হস্তান্তর করা হয়েছে।