ঢাকা | এপ্রিল ২৪, ২০২৬ - ২:০০ পূর্বাহ্ন

শিরোনাম

চালুর অপেক্ষায় রুয়েটের নতুন হল: মৌলিক সেবা প্রস্তুত, শিগগিরই পূর্ণাঙ্গ সুবিধা

  • আপডেট: Thursday, April 23, 2026 - 10:15 pm

রুয়েট প্রতিনিধি: দীর্ঘদিনের প্রতীক্ষা শেষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর মেল হল-২ এখন চালুর একেবারে কাছাকাছি। দ্রুতই শিক্ষার্থীদের জন্য হলটিতে ওঠার সুযোগ সৃষ্টি হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. সামিউল হাবিবসহ রুয়েট রিপোর্টার্স ইউনিটির প্রতিনিধিরা সরেজমিনে হলটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনে দেখা যায়, হলটিতে পানি ও বিদ্যুৎ সরবরাহ ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের আবাসনের জন্য প্রয়োজনীয় মৌলিক অবকাঠামোর কাজও প্রায় সম্পন্ন। ইন্টারনেট সংযোগ প্রসঙ্গে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. সামিউল হাবিব জানান, সংযোগ স্থাপনের কাজ শেষ হয়েছে এবং আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই তা চালু করা সম্ভব হবে।

অন্যদিকে, লিফট স্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং এটি পুরোপুরি চালু হতে আরও প্রায় এক মাস সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল বলেন, নির্ধারিত সময়সীমা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর হলেও শিক্ষার্থীদের কল্যাণ বিবেচনায় কাজ দ্রুত এগিয়ে নেওয়া হয়েছে এবং চলতি মাসের মধ্যেই হলটি হস্তান্তর করা সম্ভব হচ্ছে।

ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার জানান, আগামী ৩০ এপ্রিলের মধ্যে আনুষ্ঠানিকভাবে আবাসন কার্যক্রম শুরু করা হবে। তবে ডাইনিং সুবিধা চালু হতে আরও প্রায় ১০ দিন সময় লাগতে পারে। সরেজমিনে আরও দেখা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির কারণে প্রাথমিকভাবে কিছুটা বিলম্ব হলেও বর্তমানে প্রকল্পটি সমাপ্তির পথে। সংশ্লিষ্টদের আশা, অচিরেই শিক্ষার্থীরা আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই হলে স্বাচ্ছন্দ্যে আবাসন নিতে পারবেন।