ঢাকা | ফেব্রুয়ারী ৯, ২০২৬ - ১:৩৮ পূর্বাহ্ন

ঢাকায় উড্ডয়নের পরই রাজশাহীর বিমানে যান্ত্রিক ত্রুটি

  • আপডেট: Sunday, February 8, 2026 - 10:03 pm

স্টাফ রিপোর্টার: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রাজশাহী আসতে পারেনি। বিমানবন্দর থেকে ৫০ নটিক্যাল মাইল আসার পর বিমানটি আবার ঢাকায় ফিরে নিরাপদে অবতরণ করে। পরে অন্য একটি ফ্লাইটে যাত্রীদের রাজশাহী পাঠানো হয়।

ফিরে যাওয়া বিমানটিতে মোট ৬৬ জন যাত্রী ছিলেন। এর মধ্যে দুজন শিশু। শনিবার বিকেল ৫টা ৪৫ মিনিটে ফ্লাইটটি উড্ডয়নের কথা ছিল। তবে সেটি উড্ডয়ন করেছিল ৬টার পরে। প্রায় এক ঘণ্টা আকাশে থাকার পর সন্ধ্যা ৭টা ৩ মিনিটে বিমানটি ঢাকায় ঘুরে গিয়ে অবতরণ করে। বিমানে থাকা যাত্রীরা জানান, আকাশে উড্ডয়নের সময় বিমানটিতে অস্বাভাবিক কাঁপুনি ও শব্দ হচ্ছিল।

এতে বিমানে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এমন পরিস্থিতিতে বিমানটি আর রাজশাহী না এসে ঢাকায় ঘুরে যায়। পরে সেটি নিরাপদেই ঢাকায় অবতরণ করে। বিমানের যাত্রী ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের। তিনি বলেন, ৬টা ১০ মিনিটে বিমানটি ঢাকা থেকে উড্ডয়ন করে।

উড্ডয়নের সময় বিমানটি অস্বাভাবিক শব্দ করছিল। পাশাপাশি বিমানটিতে কাঁপুনি হচ্ছিল। এতে আতঙ্কে যাত্রীদের অনেকে কাঁপতে শুরু করেন। একজন যাত্রী খুবই নার্ভাস হয়ে পড়েছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইইআর-এর পরিচালক অধ্যাপক আক্তার বানু তার দুই মেয়েকে নিয়ে বিমানটিতে উঠেছিলেন। তিনি বলেন, ‘আকাশে আমরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছিলাম। ঢাকায় নামানোর পরে আমাদের বসিয়ে রাখা হয়েছে।

পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।’ বিমানের আরেক যাত্রী বুয়েটের স্কলার মাসুদ রানা বলেন, বিমানে উঠেই তিনি ঘুমিয়ে গিয়েছিলেন। কাঁপুনি আর তীব্র শব্দে তার ঘুম ভাঙে। নামার পরে তিনি দেখেন ঢাকাতেই ফিরেছেন। তিনি জানান, পরে রাতে অন্য একটি ফ্লাইটে তাদের রাজশাহী পাঠানো হয়। রাত ১০টায় এ বিমানটি রাজশাহী পৌঁছায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রাজশাহী স্টেশন ব্যবস্থাপক মামুন আল রশিদ বলেন, ‘ঢাকা থেকে উড্ডয়নের পর বিমানটি ৫০ নটিক্যাল মাইল এসেছিল। কিন্তু বিমানটিতে প্রেশারাইজেশন প্রবলেম হচ্ছিল। মানে একটা উচ্চতায় ওঠার পর বিমানে যে প্রেশার থাকার কথা ছিল, তা পাওয়া যাচ্ছিল না। এ জন্য বিমানটি আবার ঢাকায় ফিরে গিয়ে নিরাপদে ল্যান্ড করে।’ বিমানে তীব্র শব্দের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা ইঞ্জিনের ভাইব্রেশন। এ জন্য শব্দ শোনা গেছে। বিমানটি নিরাপদেই ঢাকায় ল্যান্ড করে।’