লালপুরে নিখোঁজ স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে নীরব হোসেন (১৩) নামের এক নিখোঁজ স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের গোবিন্দপুর কৃষি ফার্মের ১০নম্বর দাগের একটি খালের মধ্য থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত নীরব লালপুর উপজেলার রামকৃষ্ণপুর মধ্যপাড়া গ্রামের নাছির উদ্দিনের ছেলে ও বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
নীরবের বাবা নাছির উদ্দীন জানান বুধবার দুপুর ৩টার সময় বাড়ির পাশে আকালের বাড়িতে পিকনিক করার কথা বলে নীরব বাড়ি থেকে বের হয়। নীরব শীতের পোশাক নিয়ে না যাওযায় নীরবের মা শীতের পোশাক নিয়ে আকালের বাড়িতে গিয়ে নীরবকে না পেয়ে ফিরে আসেন।
নীরব রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজনসহ তাকে খুঁজে না পেয়ে রাতে মাইকিং করেন তারা। পরে বৃহস্পতিবার সকালে লালপুর থানায় ছেলে নিখোঁজ রয়েছে বলে একটি সাধারণ ডায়েরি করেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের গোবিন্দপুর ফার্মে ১০নং দাগের খালের মধ্যে একটি লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ তবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন কুমার হোড়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার তথ্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরে জানানো যাবে।









