ঢাকা | মার্চ ২০, ২০২৬ - ১:২৮ পূর্বাহ্ন

ফিরে দেখা -২০২৫: রাজশাহীতে আলোচিত যত ঘটনা

  • আপডেট: Thursday, January 1, 2026 - 12:04 am

মাইনুল হাসান জনি: গত ১০ ডিসেম্বর। রাজশাহীর তানোরে ভূগর্ভস্থ পানি তোলার গভীর গর্তে পড়ে যায় দু’বছরের শিশু সাজিদ। দীর্ঘ ৩২ ঘণ্টার রুদ্ধশ্বাস অপেক্ষার পর যখন সাজিদের নিথর দেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা, তখন শোকের ছায়া নামে টেকনাফ থেকে তেঁতুলিয়ায়। শিশুটির মৃত্যু নামের সত্যটি মানতে পারেনি পরিবার, স্বজন ও দেশবাসী। সবারই চোখজুড়ে ছিল নোনাজলের মিছিল। এ ঘটনায় ১৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) রেজাউল আলম সরকারের স্বাক্ষরিত চিঠিতে বিএমডিএ’র কাছে বিভাগের সব গভীর নলকূপের তথ্য চায় প্রশাসন।

গেল বছরের ১৫ আগস্ট পবা উপজেলার পারিলা বামুনশিকড় গ্রামে অভাব আর ঋণের বোঝা সইতে না পেরে একই পরিবারের চার সদস্য মিনারুল ইসলাম, তার স্ত্রী মনিরা বেগম, ছেলে মাহিম ও মেয়ে মিথিলা বেছে নেন আত্মহননের পথ। ওই মৃত্যুর ঘটনায় পৃথক দুটি মামলা হয়। চারজনের মৃত্যুর শোক কাটতে না কাটতে আবার লাখ টাকা ঋণ করে চল্লিসা করে পরিবারটি। ২১ জুলাই মাইলস্টোন বিমান দুর্ঘটনার আঁচ লাগে রাজশাহীতেও। নগরীর উপশহরের বাসিন্দা মেধাবী পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের অকাল মৃত্যুতে নামে শোকের ছায়া। ২ ফেব্রুয়ারি রিকশাচালককে পিটিয়ে বরখাস্ত হন পবা উপজেলার সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান। পরবর্তিতে তাকে বগুড়ার দুপচাচিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। গেল ফেব্রুয়ারীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে টানা ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হার মানেন রাজশাহীর নারী সাংবাদিক মাছুমা রহমান। অক্টোবরে রাবি শিক্ষার্থী সায়মার সুইমিংপুলে মৃত্যুতে উত্তাল হয় ক্যাম্পাস। এমন সব ঘটনায় বিদায়ী বছর রাজশাহীতে হয়েছে বিষাদময়।

২৮ জুলাই রাজশাহীতে বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের পরিচয়ধারী ১২৩ জন ‘চাঁদাবাজের’ নাম সংবলিত একটি তালিকা রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করে। এই তালিকায় বিএনপি, ছাত্রদল ও তাদের সহযোগী সংগঠনের ৪৪ জন নেতাকর্মী, ক্যাডার, সমর্থকের নাম পরিচয় রয়েছে। রয়েছে আওয়ামী লীগের ২৫ জন ও জামায়াতের ৬ জনের নাম। তবে বাকিগুলোর নাম ঠিকানা থাকলেও নেই রাজনৈতিক পরিচয়। তাদের বলা হয়েছে ‘সুবিধাবাদী’।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাজশাহীর সভাপতি আহমেদ শফি উদ্দিন বলেন, নিরাপদ রাষ্ট্র, নিরাপদ দেশ ও শান্তিময় জীবনের যে আকাঙ্খা, সেটি আমরা এখনও বাস্তবায়ন করতে পারেনি। একটি বছর ছিলো নানান দূর্যোগে পরিপূর্ন। এটি ছিলো এবছরই নয়, বরাবরই আমরা দেখেছি চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক অবহেলা, সড়কে মানুষের মৃত্যুর মিছিল, ঋণগ্রস্ত মানুষের পেছনে সরকার বা রাষ্ট্র বা রাজনৈতিক নেতৃবৃন্দের উদাসীনতা। তিনি বলেন, আমার দেখেছি বরেন্দ্রের গ্রামে গ্রামে ডিপ টিউবয়েলের নামে যে মৃত্যু ফাঁদ এ এক নতুন উপসর্গ।

সিডিআইআর রাজশাহীর প্রধান পরামর্শক সুব্রত কুমার পাল বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা চেয়েছিলাম, দেশে বৈষম্য থাকবে না, একটি সমৃদ্ধশালী সমাজ গঠনের দিকে আমার এগিয়ে যাব, পাশাপাশি দেশও এগিয়ে যাবে। কিন্তু আক্ষরিক অর্থে আমাদের সূচকের জায়গায় যদি যায়, তাহলে আমরা দেখতে পাবো, আমাদের কাঙ্খিত লক্ষ্য অর্জনে আমরা ব্যর্থ হয়েছি। আর এই ব্যহতের দায় অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে।

শিশু সাজিদ ইস্যুতে এই গবেষক বলেন, প্রশাসনকে একদিকে যেন সচ্চার ভূমিকা রাখতে হবে, অন্যদিকে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। কারন আামদের আইনের প্রয়োগ নিশ্চিত হয় না বলেই এবং বিচারহীণতা সংস্কৃতি আমাদের সমাজের রন্ধে রন্ধে থাকার কারনেই কিন্তু সংকটগুলো বাড়ছে। রাষ্ট্র ও সরকারের কাছে আমাদের আহবান যথাযথ প্রক্রিয়ায় যেন বিচার ব্যবস্থা তরান্বিত করা হয়, একইসাথে যে জায়গাগুলোতে সংকট রয়েছে, যেগুলো জিরোতে নিয়ে আনতে হবে।

গেল ১৩ নভেম্বর নগরীর রাজপাড়া থানার ডাবতলা এলাকায় রাজশাহী মহানগর দায়রা জজের ভাড়া ফ্লাটে অভিযুক্ত লিমন মিয়া তার ছেলে তাওসিফ রহমানকে ছুরিকাঘাতে হত্যা করে। লিমন কৌশলে প্রবেশ করে জজের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাত করে জখম করে। এসময় লিমন নিজেও আহত হন। এ ঘটনার পরে বিচারক বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা দায়ের কারলে হাসপাতাল থেকে লিমন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে লিমনকে পাঁচ দিনের রিমান্ড নেয় পুলিশ। এছাড়া পুলিশ হেফাজতে থাকা আসামির বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় তৎকালীন পুলিশ কমিশনারকে আদালতে তলব করা হয়। এছাড়া দায়িত্বে অবহেলায় চার পুলিশ সদস্যকে রাজশাহী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। গেল ২৭ অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুর পদ্মার চরে কাঁকন ও মণ্ডল গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় বাঘার আমান মন্ডল, নাজমুল হোসেন ও কুষ্টিয়ার লিটনের মৃত্যু হয়। এনিয়ে মামলা হলেও পুলিশ অপারেশন ফাস্ট লাইট চালায়ে পাবনা, নাটোর ও রাজশাহীর পদ্মার চরে অভিযান চালিয়ে ৭২ জনকে গ্রেপ্তার বছরের আলোচিত ঘটনার মধ্যে অন্যতম। বছর জুড়ে আলোচনায় ছিল অটোরিকশা ছিনতাই ও হত্যার একাধিক ঘটনাও। গেল ১৪ এপ্রিল বাঘার আড়ানী রেলস্টেশনে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন পেয়াঁজচাষি বৃদ্ধ রুহুল আমিন (৬০)। তার ট্রেনের নিচে ঝাঁপ দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এছাড়া ৬ এপ্রিল নগরীর উপকণ্ঠ খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে ট্রাকের সঙ্গে দুইটি বাসের সংঘর্ষে তিনজন নিহত হন।

রাজশাহী জেলা পুলিশের হিসেবে ৩৮টি হত্যা ও ৮টি ডাকাতি মামলা নথিবদ্ধ হয়েছে। সেইসাথে দেশীয় অস্ত্র, গুলি ও মাদক উদ্ধারও হয়েছে উল্লেখযোগ্য।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, যখন কোনো বছর শেষ হয়, তখন সেই বছরের কিছু ভালো ও মন্দ দিক থাকে। ২০২৫ সালে আমাদের যেমন অনেক কিছু অর্জন রয়েছে, তেমনি কিছু খারাপ দিকও রয়েছে। সবমিলিয়ে রাজশাহী জেলার আইনশৃংখলা পরিস্থিতি খুব যে খারাপ গেছে, সেটি বলা যাবে না। তবে কিছু অপ্রত্যাশিত ঘটনা ছিলো দু:খজনক। সাধারন মানুষ যদি সতেচন হতো, তাহলে শিশু সাজিদের মৃত্যুর ঘটনা হয়তো ঘটতোই না। গেলবছর কয়েকটি আত্মহত্যার ঘটনাও ঘটেছে। আত্মহত্যার পেছনে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিকসহ অনেক কারন থাকে। সবমিলিয়ে রাষ্ট্রও কিন্তু তার দায় এড়াতে পারে না। তিনি বলেন, দেশ একটি বিশেষ পরিবর্তনের ম্যধদিয়ে গেছে। যার প্রত্যক্ষ সাক্ষী পুলিশ। প্রথম দিকে পুলিশ কিছু আত্মবিশ্বাস হারা হলেও, এখন অনেকটাই মনোবল ফিরে পেয়েছে। পুলিশ তাদের পেশাদারিত্বর বর্হি:প্রকাশ দেখাচ্ছে। রাজশাহী জেলা পুলিশের মনোবল অক্ষুন্ন রয়েছে। আমরা সর্বাত্মক পেশাদারিত্ব বজায় রেখে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ ২০২৬ সালের এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাই।

শোক, হাহাকার আর অধিকার আদায়ের লড়াইয়ের মাঝেও ছিল কিছু আলোর রেখা। দীর্ঘ সময় পর রাজশাহীতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ফেরা আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দু’দফায় ৫৩ কোটি টাকার বিদেশি ওষুধের অনুদান সাধারণ মানুষের মুখে কিছুটা স্বস্তির হাসি ফুটিয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, সর্বপ্রথম বিগত বছরটিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে কোনো অভিযোগ উঠে আসেনি, এটি আমাদের বড় সফলতা। একজন ইর্ন্টান চিকিৎসকের সহায়তায় হাসপাতালে দু’দফায় কয়েক কোটি টাকার ওষুধ অনুদান হিসেবে পাওয়া গেছে। গেল বছর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দেশের প্রথম সাপেকাটা রোগিদের চিকিৎসার (এইচডিইউ) ওয়ার্ড চালু করা হয়েছে। একইসাথে মনোরোগ চিকিৎসার জন্য হাসপাতাল প্রতিষ্ঠার পর গেল বছরই প্রথম পৃথক ওয়ার্ড চালু হয়েছে। হাসপাতালে সব বয়সিদের বিভিন্ন ধরনের ব্যাথার জন্য চালু করা হয়েছে ‘পেইন ক্লিনিক’। এছাড়াও গেল বছরের শুরুতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউকে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) আধুনিকায়ন করে ৪০ শয্যায় উন্নিত করা হয়েছে।

দীর্ঘ ৩৫ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৫-এ অনুষ্ঠিত হয় রাকসু নির্বাচন। নির্বাচন নিয়ে তোড়জোড় ও ছাত্র রাজনীতির মেরুকরণ ছিল আলোচনার তুঙ্গে। পোষ্য কোটা নিয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের পাল্টাপাল্টি আন্দোলন কর্মসুচী এবং হামলার ঘটনায় ক্যাম্পাস হয়েছে উত্তাল।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, আমরা প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় সুষ্টুভাবে পরিচালনা করার চেষ্টা করেছি। এটি করতে গিয়ে নানাভাবে সমালোচনার শিকার হয়েছি। তবে আমার বিচারে বর্তমান প্রশাসন বিগত বছরে যে কাজগুলো করেছে, তা আগে কখনও হয়নি। রুয়া ও রাকসু নির্বাচন যা সর্বত্তোম উদাহরণ। তবে পোষ্যকোটা নিয়ে কিছু ঘটনা ঘটেছিল, সেটিরও একটি সমাধান এসেছে। সেইসাথে গেল বছর কোনো ধরনের সমালোচনা ছাড়াই বেশকিছু শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে, যা আগে কখনও হয়নি। সবমিলিয়ে গেলবছর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অস্থিরতা ছিলো। সেটির ছাপ রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ছিলো।

সব মিলিয়ে ২০২৫ সাল রাজশাহীবাসীর কাছে অম্লমধুর স্মৃতি। সাধারণ মানুষের প্রত্যাশা, নতুন বছর বিষাদের ছায়া কাটিয়ে রাজশাহীকে দেবে নিরাপদ ও সমৃদ্ধ আগামীর নিশ্চয়তা।