ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১০:৫৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে সমাবেশ

  • আপডেট: Tuesday, November 11, 2025 - 10:00 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রাথমিক মনোনীত প্রার্থীকে পরিবর্তনের দাবি জানিয়েছে বিএনপির একাংশ।

মঙ্গলবার বিকেলে নাচোল ডাকবাংলো প্রাঙ্গনে উপজেলা ও পৌর বিএনপির কর্মী সমাবেশে এই দাবি জানানো হয়।

উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, মনোনয়ন বঞ্চিত ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক শুচি, সাইফুল ইসলাম প্রমূখ।

সমাবেশে বক্তাগণ বলেন, ২০১৮ সালের নির্বাচনে ফ্যাসিষ্ট আওয়ামী লীগকে বৈধতা দিতে আমিনুল ইসলাম দলের সিদ্ধান্ত অমান্য করে সংসদে যায়।

তারপরও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে তার সংসদীয় আসনের তৃণমূল কোন নেতাকর্মীর সাথে যোগাযোগ রাখেননি। এমনকি তিনি এলাকায় কয়বার এসেছেন তাও প্রশ্নবিদ্ধ।

এছাড়া ২০২০ সালে করোনার সময় তিনি এলাকার মানুষের কোন খোঁজ-খবর নেননি। তাই প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থী আমিনুল ইসলামকে বাদ দিয়ে মনোনয়ন বঞ্চিত যে কোন ব্যক্তিকে মনোনয়ন দেয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টি কামনা করেন।