ঢাকা | মার্চ ৩, ২০২৬ - ১:০৯ অপরাহ্ন

রাজশাহীতে চাকরি স্থায়ীকরণের দাবিতে ওয়াসা কর্মচারীদের মানববন্ধন

  • আপডেট: Tuesday, November 11, 2025 - 10:29 pm

স্টাফ রিপোর্টার: এক দফা এক দাবি এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধন করেছে রাজশাহী ওয়াসার কর্মচারীরা।

মঙ্গলবার সকালে ওয়াসা ভবনের সামনে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের উদ্যোগের এ মানববন্ধনের আয়োজন করা হয়। তাদের দাবি, মহামান্য হাইকোর্টের রায়ের আলোকে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরি অবিলম্বে স্থায়ীকরণ করতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী ওয়াসায় দীর্ঘদিন ধরে বহু কর্মচারী দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করছেন। কিন্তু বছরের পর বছর পরিশ্রম করেও তারা চাকরির নিশ্চয়তা ও নিয়মিত বেতন কাঠামোর সুযোগ থেকে বঞ্চিত।

মানববন্ধনে সভাপতি সফিকুল আলম বলেন, আমরা কোনো অতিরিক্ত দাবি করছি না। দেশের সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী আমাদের চাকরি স্থায়ী করা হোক এটাই আমাদের এক দফা এক দাবি। কর্তৃপক্ষের কাছে অনুরোধ, তারা যেন দ্রুত এই রায় বাস্তবায়নের পদক্ষেপ নেয়। প্রশাসন যদি দ্রুত সিদ্ধান্ত না নেয়, তবে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।

মানববন্ধন থেকে অবিলম্বে তাদের দাবি মানা না হলে নগরীর সকল পাম্প অপারেটরা কর্মবিরতিতে যাওয়ার হুশিয়ারিও দেন। সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, বছরের পর বছর আমরা রাজশাহী ওয়াসার জন্য কাজ করছি, অথচ আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। হাইকোর্ট স্পষ্টভাবে বলেছে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে। অথচ আজও তা বাস্তবায়ন হয়নি, যা অন্যায় ও অমানবিক। অন্যান্য বক্তারাও বলেন, দীর্ঘদিন ধরে ওয়াসার কার্যক্রম সচল রাখতে যারা প্রতিদিন মাঠে ঘাম ঝরাচ্ছে, তাদের অবহেলা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল আলম। কর্মসূচি পরিচালনা করেন রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন কাজল। অবস্থান কর্মসূচির শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইকবাল হোসেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা নাসিম খান ও আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জনি, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, সদস্য বাকী বিল্লাহ, মাইনুল ইসলাম, কাহাবুল ও মুলতান শেখসহ অন্যন্যে সদস্যরা।

কর্মচারীদের দাবির প্রেক্ষিতে সংগঠনটি রাজশাহী ওয়াসা কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছে। তারা আশা প্রকাশ করেন যে, প্রশাসন শ্রমিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে।