ঢাকা | নভেম্বর ২৮, ২০২৬ - ১০:৪১ অপরাহ্ন

মাদ্রাসা মাঠে তাফসিরুল কোরআন মাহফিল: লাখো মানুষের সমাগম

  • আপডেট: Saturday, November 28, 2026 - 10:07 pm

স্টাফ রিপোর্টার: দীর্ঘ ২২ বছর পর আবারও তাফসিরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে উঠেছিল রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ। শনিবার জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারির বয়ান শুনতে এ মাঠে প্রায় লাখো মানুষের সমাগম হয়েছিল বলে জানিয়েছেন আয়োজকরা।

ওলামা-মাশায়েখ পরিষদের উদ্যোগে গতকাল শনিবার বিকেল ৩টায় এ মাহফিল শুরু হয়। পরে রাত ৮টার দিকে বয়ান দিতে মঞ্চে ওঠেন মিজানুর রহমান আজহারি এবং নির্ধারিত ধর্মীয় কার্যক্রম শেষে মাহফিল সম্পন্ন হয়। রাজশাহীর এই মাদ্রাসা মাঠ শুধু একটি ধর্মীয় সমাবেশস্থল নয়, তাফসিরুল কোরআন মাহফিল ঘিরে এর রয়েছে দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য।

এর আগে একই মাঠে প্রখ্যাত ইসলামি বক্তা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। সে সময় লাখো মানুষের উপস্থিতিতে পুরো মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছিল।

সেই মাহফিলের সময় রাজশাহীর রাজনৈতিক প্রেক্ষাপটও ছিল ভিন্ন। তৎকালীন চারদলীয় জোট সরকারের অন্যতম শরিক বিএনপি ও জামায়াতে ইসলামী একই রাজনৈতিক জোটে ছিল। ওই সময় রাজশাহীর সংসদ সদস্য ও সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বে ছিলেন মিজানুর রহমান মিনু। ঐতিহাসিক সেই মাহফিলের স্মৃতি এখনো রাজশাহীবাসীর কাছে আলোচিত। দীর্ঘ বিরতির পর একই মাঠে আবারও বড় পরিসরে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন ঘিরে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল।

এবারের মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান আজহারি।

মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। মাহফিলের নিরাপত্তাব্যবস্থা নিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেছিলেন, শায়খ ড. মিজানুর রহমান আজহারির তাফসির মাহফিলকে কেন্দ্র করে রাজশাহী মহানগরীতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, মাহফিলস্থল, আশপাশের এলাকা ও জনসমাগমপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, অপরাধমূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল এবং ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখা হয়।

সোনালী/জগদীশ রবিদাস