ঢাকা | নভেম্বর ২৮, ২০২৬ - ১১:০৫ অপরাহ্ন

তানোরে জমি দখলে নিতে আম গাছ কাটার অভিযোগ

  • আপডেট: Saturday, November 28, 2026 - 10:05 pm

তানোর প্রতিনিধি: তানোরে জমি দখলে নিতে আম গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ ও পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) জেএল নম্বর ৬২, মৌজা খাড়িকুল্লা, খতিয়ান নম্বর ১০২, দাগ নম্বর ২১, শ্রেণি ধানী, পরিমান ৬৬ শতক জমি বহরইল গ্রামের শামসুদ্দিন মন্ডলের পুত্র মতিয়ার রহমান  বংশ পরম্পরায় শান্তিপূর্ণভাবে ভোগদখলে রেখে চাষাবাদ করে আসছেন।

গত ২০ নভেম্বর হঠাৎ বাধাইড় (ইউপি) বহরইল গ্রামের মৃত আজিজ মন্ডলের পুত্র বছির উদ্দীন বহিরাগত ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী নিয়ে জোরপুর্বক এসব জমি জবরদখলে নিতে জমির কালাইয়ের ফসল বিষ দিয়ে পুড়িয়ে দেয় এবং প্রায় ৫০টি আম গাছ কেটে ফেলেন।

এ বিষয়ে মতিয়ার রহমান বলেন, ওই জমির মাস কালাই ও কলার গাছে বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে বছির। এছাড়াও ওই জমির ওপর থেকে প্রায় ৫০টি আম গাছের চারা কেটে ফেলেছেন। এসময় বাধা দিতে গেলে আমাকে প্রাণ নাশের হুমকি দেয়। তিনি ভুমিগ্রাসী বছিরকে আটক ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এবিষয়ে জানতে চাইলে বছির বলেন, তার বিরুদ্ধে করা অভিযোগ পুরো পুরি সঠিক নয় জানিয়ে সাংবাদিকদের এড়িয়ে যান তিনি। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মাহামুদুর হাসান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।