ঢাকা | নভেম্বর ২৫, ২০২৬ - ১০:৫৩ অপরাহ্ন

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে নগরীতে জামায়াতের বিক্ষোভ

  • আপডেট: Wednesday, November 25, 2026 - 10:26 pm

স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জসহ সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী।

বুধবার বিকেল ৪টা ১৫ মিনিটে নগরীর আলুপট্টি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গণকপাড়া মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। রাজশাহী মহানগরী জামায়াতের আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালনের পরিবর্তে বিএনপি রাজনৈতিক পরকীয়ায় লিপ্ত হচ্ছে। রাজনৈতিক স্বার্থ ও ক্ষমতাকেন্দ্রিক কর্মকাণ্ডের পরিবর্তে জনগণের অধিকার, নিরাপত্তা এবং দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট ও আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে উল্লেখ করে নেতৃবৃন্দ দেশের শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনসচেতনতা ও গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

রাজশাহী মহানগরী জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দীন সরকারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় শুরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সহকারী সেক্রেটারি আ.স.ম মামুন শাহীন, যুব বিভাগ সেক্রেটারি সালাউদ্দিন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মেহেদী হাসান।

এ সময় উপস্থিত ছিলেন তরবিয়ত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সামাদ ও মহানগর শিল্প ও বাণিজ্য বিষয়ক সেক্রেটারি সারোয়ার জাহান প্রিন্সসহ প্রমুখ।

সোনালী/জগদীশ রবিদাস