ঢাকা | নভেম্বর ২৫, ২০২৬ - ১০:২৪ অপরাহ্ন

গোদাগাড়ীতে পৃথক অভিযানে আ’লীগের তিন নেতা গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, November 25, 2026 - 10:18 pm

গোদাগাড়ী প্রতিনিধি: গোদাগাড়ীতে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার তিনটি পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, বিভিন্ন মামলার তদন্তে পাওয়া আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনি, মাটিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক আরেজুল ইসলাম এবং গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মাহাবুব।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোহনপুর ইউনিয়নের বিশ্বনাথপুর বাজারে অভিযান চালিয়ে জয়নাল আবেদীন জনিকে গ্রেপ্তার করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত একটি মামলার তদন্তে পাওয়া আসামি বলে জানিয়েছে পুলিশ। একই দিন সন্ধ্যায় মাটিকাটা ইউনিয়নের হরিশংকরপুর বাজারে অভিযান চালিয়ে আরেজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত একটি মামলার তদন্তে পাওয়া আসামি বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, সন্ধ্যায় চাপাল বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মাহাবুবকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি থানা ভাঙচুরের ঘটনায় দায়ের করা একটি মামলার তদন্তে পাওয়া আসামি বলে পুলিশ সূত্রে জানা গেছে। তিন নেতাকে পৃথক স্থান থেকে গ্রেপ্তারের পর গোদাগাড়ী মডেল থানায় নেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলাগুলোর আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন মিঞা বলেন, বিভিন্ন মামলার তদন্তে পাওয়া আসামি হিসেবে আওয়ামী লীগের তিন নেতাকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।