পাবনায় অবৈধভাবে মজুত করা ৪৬৬ বস্তা সার জব্দ জরিমানা
পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলায় অবৈধভাবে সার মজুত ও বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযান চালিয়ে ৪৬৬ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় তিন সার ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দিনব্যাপী সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজারে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার ইসলাম নাফিজ।
তিনি জানান, অবৈধভাবে সার মজুত বিষয়ে এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে শ্রীকোল বাজারে অভিযান চালানো হয়। অভিযানে ৪৬৬ বস্তা সার জব্দ করা হয়। সারগুলো আট থেকে দশটি গোডাউনে গোপনে মজুত করা হয়েছিল। ভ্রাম্যমান আদালতে ৩ জন অবৈধভাবে সার মজুতকারীকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।
জব্দকৃত সারের মধ্যে ইউরিয়া সার ১২ বস্তা, ডিএপি ৩৮৯ বস্তা, এমওপি ৬৫ বস্তা। জব্দকৃত এসব সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে বিতরণ করা হয়। বিক্রিকৃত টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। এসময় এনএসআই পাবনার উপ-পরিচালক এবিএম লুৎফুল কবির এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।










