ঢাকা | নভেম্বর ২৫, ২০২৬ - ১১:০৬ অপরাহ্ন

নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে মতবিনিময় সভা

  • আপডেট: Wednesday, November 25, 2026 - 10:31 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের নৃ-জাতি গোষ্ঠীগুলোর একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ভবিষ্যৎ নিশ্চিত করতে রক্ষাগোলা সমন্বয় কমিটি ও রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমীর সমন্বিত উদ্যোগ গ্রহণের পথ সুগম করার লক্ষ্যে রাজশাহীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‘নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণ ও চর্চায় উৎসাহ প্রদানে যথাযথ পদক্ষেপ গ্রহণ’ প্রতিপাদ্যে গতকাল বুধবার একাডেমী প্রাঙ্গণে এ সভা হয়।

সিসিবিভিওর আয়োজনে ও ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড জার্মানির সহায়তায় ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি’র আওতায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক কাঞ্চন শিং উরাওঁ এবং সভাপতিত্ব করেন সিসিবিভিওর সমন্বয়কারী আরিফ ইথার। সভায় মূল প্রবন্ধ (কী-নোট) উপস্থাপন করেন সিসিবিভিওর কর্মসূচি কর্মকর্তা পৌল টুডু এবং সঞ্চালনা করেন ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির উপপরিচালক বেনজামিন টুডু, প্রশিক্ষণ কর্মকর্তা মানুয়েল সরেন, রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মামুন-অর-রশিদ, যায়যায়দিনের প্রতিনিধি আব্দুল বাতেন, দৈনিক বার্তার প্রতিনিধি ফজলুল করিম বাবলু, সাংস্কৃতিক কর্মী ও সাবেক প্রধান শিক্ষক ফেরদৌস আলী, মহিশালবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  হায়দার আলী, বিড়ইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম এবং কাদমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মুস্তাফিজুর রহমান।