রাজশাহীতে নানা কর্মসূচিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
স্টাফ রিপোর্টার: ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত হয়েছে।
শনিবার রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকাল সাড়ে ৯টায় ডায়াবেটিস অ্যাসোসিয়েশন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক পথযাত্রা (র্যালি) বের করা হয়।
র্যালিটি লক্ষ্মীপুর মোড় প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। দিবসটি উপলক্ষে ১৪ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত বিনামূল্যে ডায়াবেটিস শনাক্তকরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ১০টায় হাসপাতালের নিচ তলায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সচেতনতামূলক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির হেলথ এডুকেশন অফিসার মনিরুল ইসলামের পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। রাডাস জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. সাকিব সালাহ্ আওফীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অধ্যাপক ডা. লতিফুর রহমান, ডা. আফরিনা শারমিন ও ডা. মনোয়ারুল হক।
রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. ওয়াসিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক প্রফেসর এম এ হাফিজ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. তানভীর সুলতান ইউনুস। সভায় সমিতির কার্যনির্বাহী সদস্য, চিকিৎসক, রোগীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া ইনডোর ও আউটডোরের রোগীদের মাঝে স্বাস্থ্যসম্মত উন্নত খাবার সরবরাহ এবং পোস্টার ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।










