বিশ্বমানের মেধা বিকাশে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর
স্টাফ রিপোর্টার: সময়ানুবর্তিতা, সততা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষা অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক মানের মেধা বিকাশ ঘটিয়ে দেশকে বিশ্বমঞ্চে তুলে ধরার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি।
শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ দেন। অনুষ্ঠানে শারীরিক অসুস্থতা এবং রাজনৈতিক ও জনসেবামূলক কাজের চাপে প্রায় ৪০ মিনিট বিলম্বে পৌঁছানোর জন্য প্রথমেই দুঃখ প্রকাশ করেন ভূমিমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনে বড় হতে হলে সময়ানুবর্তিতা এবং শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল হওয়া অপরিহার্য। তার নিজের দেরি হলেও শিক্ষার্থীরা যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে কঠোরভাবে সময় মেনে চলে, সেই পরামর্শ দেন তিনি।
প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের ঘোষণা দিয়ে মন্ত্রী জানান, শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে অচিরেই সেখানে একটি নতুন বহুতল ভবন নির্মাণ করা হবে, যেখানে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য পৃথক কমন রুম থাকবে। এ ছাড়া শিক্ষার্থীদের যাতায়াত দুর্ভোগ কমাতে প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রতিষ্ঠানের জন্য একটি বাস বরাদ্দ আনার চেষ্টা করবেন বলেও তিনি আশ্বাস দেন।
বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশ লাইন্সে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা শহিদ ডিআইজি মামুন মাহমুদকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন ভূমিমন্ত্রী। পাশাপাশি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ অনুষ্ঠানগুলোতে শহিদ মামুন মাহমুদের পরিবারের সদস্যদের যথাযোগ্য সম্মানের সঙ্গে আমন্ত্রণ জানানোর আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতা বিকাশে ক্যাম্পাসের ভবনগুলোর নামকরণের তাৎপর্য তুলে ধরে মন্ত্রী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও স্যার জগদীশ চন্দ্র বসুর অবদানের কথা স্মরণ করেন।
তিনি উল্লেখ করেন, স্যার জগদীশ চন্দ্র বসুই প্রথম প্রমাণ করেছিলেন যে উদ্ভিদের প্রাণ আছে এবং তা পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইডের ভারসাম্য রক্ষা করে। এ ছাড়া রাজশাহীর কৃতী সন্তানদের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ট্রাইব্যুনালে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার বিরুদ্ধে প্রতিবাদকারী বিচারক জি এন রায় (জয়ন্ত কুমার রায়) এবং শিকাগো টাওয়ারের স্থপতি এফ আর রহমানের (ফজলুর রহমান খান) উদাহরণ টেনে শিক্ষার্থীদের বিশ্বমানের যোগ্যতা অর্জনে উদ্বুদ্ধ করেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বক্তব্য ও পরিবেশনার প্রশংসা করেন ভূমিমন্ত্রী।
বিশেষ করে বিজ্ঞান শাখার শিক্ষার্থী সিয়াম আহমেদ ও জান্নাতুল মাওয়ার উপস্থাপনার ভূয়সী প্রশংসা করে তিনি জান্নাতুল মাওয়াকে মাইক্রোফোন ব্যবহারের কৌশল সম্পর্কে স্নেহপূর্ণ পরামর্শ দেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার ও প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ ফয়েজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইয়াকুব আলী। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সোনালী/জগদীশ রবিদাস










