ঢাকা | নভেম্বর ১৪, ২০২৬ - ১০:২৯ অপরাহ্ন

শিরোনাম

গ্রেনেড উদ্ধারের পর রাজশাহী শহরজুড়ে নিরাপত্তা জোরদার

  • আপডেট: Saturday, November 14, 2026 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: শাহমখদুম বিমানবন্দর এলাকা থেকে দুটি শক্তিশালী হ্যান্ড গ্রেনেড উদ্ধারের ঘটনার পর পুরো রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনাগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে নগরীর প্রবেশদ্বার ও জনাকীর্ণ সড়কগুলোতে নজরদারি বাড়াতে অচল হয়ে পড়া সিসিটিভি ক্যামেরা নেটওয়ার্ক পুনরায় সচল করার উদ্যোগ নিয়েছে পুলিশ। তবে ঘটনার চার দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত গ্রেনেড রাখার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সূত্রে জানা গেছে, কয়েক বছর আগেও নগরীর চার শতাধিক পয়েন্টে সিসি ক্যামেরা ও উচ্চক্ষমতাসম্পন্ন সাইবার সেন্টারের মাধ্যমে চব্বিশ ঘণ্টা নজরদারি চালানো হতো। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব এবং জুলাই গণআন্দোলনের সময় থানা ও সড়কের ক্যামেরাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই নেটওয়ার্ক অকার্যকর হয়ে পড়ে।

শনিবার দুপুরে সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও তদন্তের বিষয়ে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির সাংবাদিকদের জানান, বিমানবন্দরসহ নগরীর সব গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় কোনো ত্রুটি আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া অপরাধ প্রতিরোধ ও অপরাধী শনাক্তকরণ সহজ করতে বর্তমানে আরএমপির নিজস্ব অর্থায়নে নগরীর প্রবেশদ্বার ও গুরুত্বপূর্ণ পথগুলোতে পুনরায় সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে। উদ্ধার হওয়া গ্রেনেডগুলোর গায়ে কোনো লেখা বা চিহ্ন না থাকায় সেগুলো কোন দেশের তৈরি তা বোঝা না গেলেও কীভাবে স্পর্শকাতর স্থাপনার কাছে গ্রেনেড এল, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এর আগে গত ১০ নভেম্বর বেলা ১১টার দিকে বিমানবন্দরের প্রধান প্রবেশপথের ডান পাশে বাউন্ডারি দেয়াল ঘেঁষা ফুলবাগানে গ্রেনেডসদৃশ দুটি বস্তু পড়ে থাকতে দেখেন এক পথচারী। বিষয়টি তাৎক্ষণিকভাবে আরএমপির বায়া পুলিশ ফাঁড়ির এএসআই পলাশকে জানানো হলে তিনি বিমানবন্দর থানার ওসি রবিউল ইসলামকে অবহিত করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে এবং নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের মূল ফটক বন্ধ করে দেয়।

ঘটনাটি যে সময়ে ঘটে, তার মাত্র কয়েক মিনিট আগেই ঢাকা থেকে আসা একটি ফ্লাইটে শাহমখদুম বিমানবন্দরে অবতরণ করেছিলেন জ্বালানি, বিদ্যুৎ ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও তার সফরসঙ্গীরা। গ্রেনেড উদ্ধারের খবরে বিমানবন্দরের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও বিকল্প পথ ব্যবহার করে মন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ওই দিন বিকেলেই বোমা নিষ্ক্রিয়করণ দল উদ্ধারকৃত গ্রেনেড দুটি পবা উপজেলার পাকুড়িয়া বিলে নিয়ে নিষ্ক্রিয় করে এবং ফরেনসিক পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করে।

এ ঘটনায় ১০ নভেম্বর রাতেই বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা আব্দুল্লাহ হাকাম বাদী হয়ে আরএমপির এয়ারপোর্ট থানায় বিস্ফোরক দ্রব্য আইনে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুল ইসলাম গত শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘটনাস্থলটি ব্যস্ততম রাজশাহী-নওগাঁ মহাসড়ক সংলগ্ন এবং মহানগরীতে প্রবেশের অন্যতম প্রধান দ্বার হওয়া সত্ত্বেও সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। মহাসড়কের বিপরীত পাশের ছোট দোকানগুলোতেও ক্যামেরা নেই এবং বিমানবন্দরের ভেতরের তল্লাশি ফটকে থাকা ক্যামেরায় দেয়ালের বাইরের অংশের স্পষ্ট কোনো চিত্র ধরা পড়েনি। ফলে দিনরাত যানবাহন চলাচলের সুযোগ নিয়ে কে বা কারা নাশকতা বা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে গ্রেনেডগুলো সেখানে রেখে গেছে, তা শনাক্ত করতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে।

তদন্ত কর্মকর্তা জানান, ফরেনসিক প্রতিবেদন হাতে পেলে গ্রেনেডগুলোর বিধ্বংসী ক্ষমতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে এবং সব দিক সামনে রেখেই তদন্ত চলছে।

এদিকে শাহমখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক (উপপরিচালক) যোগেশ চন্দ্র সরকার জানিয়েছেন, বিমানবন্দরের বহিরাঙ্গনের নিরাপত্তায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। এর পেছনে বড় কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা পুলিশি তদন্তে বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। ঘটনার পর থেকে বিমানবন্দরের ভেতরে ও বাইরে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

সোনালী/জগদীশ রবিদাস