ঢাকা | নভেম্বর ৯, ২০২৬ - ১০:৪৪ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে রোমোর নতুন সদস্য বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট: Monday, November 9, 2026 - 10:16 pm

স্টাফ রিপোর্টার: রিপোর্টার্স অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া অর্গানাইজেশন (রোমো)-এর নতুন সদস্যদের বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে রাজশাহী নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আব্দুল আউয়াল বলেন, তথ্যপ্রযুক্তির বিকাশে সংবাদ পরিবেশনের ধরন বদলে গেছে। তবে দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতায় বস্তুনিষ্ঠতা, নির্ভুলতা ও পেশাগত নৈতিকতার সঙ্গে আপস করা যাবে না। সাংবাদিকতার মূল শক্তি বিশ্বাসযোগ্যতা। তাই অনলাইন সাংবাদিকদের তথ্য যাচাই, সম্পাদনা, ভাষার শুদ্ধতা ও প্রযুক্তি ব্যবহারে আরও দক্ষ হতে হবে। রোমোকে সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত মান উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত বলেন, সাংবাদিকতার সঙ্গে মানুষের অধিকার ও রাষ্ট্রের জবাবদিহির বিষয় যুক্ত। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সাহসী ও নিরপেক্ষ হতে হবে। নতুন সংগঠন হিসেবে রোমোকে সদস্যদের ঐক্য ও প্রশিক্ষণ বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে।

রোমোর আহ্বায়ক মোহাম্মদ হুজাইফার সভাপতিত্বে ও সদস্য সচিব তুহিন আলীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বাসসের রাজশাহী জেলা প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক কালবেলার বিভাগীয় প্রধান মাহবুব হুসাইন, বাংলাদেশ বেতারের মহানগর প্রতিনিধি আশিকুর রহমান, রোমোর যুগ্ম আহ্বায়ক নাঈম হোসেন ও নতুন সদস্য রাকিবুল ইসলাম। আলোচনা সভা শেষে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।