রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপিত
স্টাফ রিপোর্টার: ‘করবো সমবায়, গড়বো দেশ; সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে রাজশাহীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও গুণী সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, নতুন কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায় পদ্ধতির মাধ্যমে মানুষ নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি সমাজ ও দেশের সামগ্রিক উন্নয়নেও কার্যকর অবদান রাখতে পারে। তিনি সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
রাসিক প্রশাসক আরও বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে সর্বাত্মক কাজ চলছে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। সমবায়ের চেতনাকে ধারণ করে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার তাগিদ দেন তিনি।
রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (সিটিএসবি) পুলিশ সুপার মনিরুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মোখলেছুর রহমান। অনুষ্ঠান শেষে সমবায় কার্যক্রমে বিশেষ অবদান রাখায় সেরা ব্যক্তি ও সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেয়া হয়।
চারঘাট
চারঘাট প্রতিনিধি জানান, “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে চারঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমের সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। এরপরে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা আজিজ আহমেদ (অতিরিক্ত দায়িত্ব)।
পবা
পবায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পতাকা উত্তোলন শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভায় পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এন এমএম জহুরুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা ফারুক হোসেন, পবা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম। বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পবা উপজেলা সমবায় কর্মকর্তা সুলতানুল ইসলাম। শেষে সমবায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখাতে সমবায়ীদের মাঝে ক্রেস্ট ও গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।
বাগমারা
বাগমারা প্রতিনিধি জানান, বাগমারায় উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা সমবায় অফিসার কাউসার আলী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, বাগমারা উপজেলা তাঁতি দলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, ছাত্রদল নেতা রাকিব হোসেন, নাসা বাংলাদেশ লিমিটেডের পরিচালক জাহেদুল ইসলাম ও সোনার বাংলা সঞ্চয় ও ঋণদান সমবয় সমিতির পরিচালক জাহাঙ্গীর আলম প্রমুখ।
গোদাগাড়ী
গোদাগাড়ী প্রতিনিধি জানান, গোদাগাড়ীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং সফল সমবায়ী ও সমবায় সংগঠনকে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে সমবায় দিবস পালিত হয়েছে। পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সমবায় কর্মকর্তা জিগার হাসরতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলফার ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান, খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আলী প্রমুখ।
বাঘা
বাঘা প্রতিনিধি জানান, বাঘায় দিবসটি উপলক্ষে র্যালি, পতাকা উত্তোলন ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম। এই সভায় বক্তব্য রাখেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেরাজুল হক।
লালপুর
লালপুর প্রতিনিধি জানান, উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মেশকাতুল ইসলাম। সভায় সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবির হোসেন, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম।
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে সেখানে সমবায় পণ্য মেলার উদ্বোধন করা হয়। মেলায় স্থান পায় সমবায়ীদের উৎপাদিত বিভিন্ন পণ্যের স্টল। এরপর জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম ওয়াসিম ফিরোজ, জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমানসহ অন্যরা।
শিবগঞ্জ
শিবগঞ্জ প্রতিনিধি জানান, উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সাব্বির আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুব আরিফের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আক্তার ও যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল তোয়াবসহ অন্যরা।
পার্বতীপুর
পার্বতীপুর প্রতিনিধি জানান, উপজেলা হলরুমে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আব্দুর রব প্রমানিক। বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম আহবায়ক উপজেলা বিএনপি’র আমিনুল ইসলাম শাহ, সাবেক বিএনপি নেতা আকরাম হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আনারুল হক।











