ঢাকা | নভেম্বর ৮, ২০২৬ - ১০:৫৮ অপরাহ্ন

শিরোনাম

পদ্মার পানি নিয়ে ষড়যন্ত্র হলে লংমার্চের হুঁশিয়ারি

  • আপডেট: Sunday, November 8, 2026 - 10:41 pm

স্টাফ রিপোর্টার: পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে কোনো ধরনের ছাড় দেয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

তিনি স্পষ্ট করে বলেছেন, পদ্মার পানি কেবল পানি নয়, এটি এ দেশের মানুষের অস্তিত্বের প্রশ্ন। এই অস্তিত্ব রক্ষায় প্রয়োজনে মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের আদলে আবারও কঠোর কর্মসূচি দেয়া হবে। গত শনিবার রাতে রাজশাহীর কাটাখালীতে দল আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাটাখালী পৌর এনসিপি এই পথসভার আয়োজন করে।

আগামী ডিসেম্বরে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়ার প্রসঙ্গ টেনে আখতার হোসেন বলেন, ফারাক্কা বাঁধ চালুর পর থেকে পদ্মা নদীতে স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। শুষ্ক মৌসুমে শাখা-উপনদীগুলোতে পর্যাপ্ত পানি না থাকায় খুলনা অঞ্চলসহ বিভিন্ন এলাকায় লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে এবং কৃষি ও পরিবেশ হুমকির মুখে পড়ছে। দেশের মানুষকে অধিকারবঞ্চিত করার কোনো নীলনকশা বাস্তবায়িত হতে দেয়া হবে না বলে জানান তিনি।

সরকারকে উদ্দেশ করে এনসিপির এই নেতা বলেন, দেশের মানুষের স্বার্থ রক্ষায় গঙ্গার পানিবণ্টন চুক্তিতে কোনো রকম ছাড় দেয়া চলবে না। ন্যায্য হিস্যা আদায়ের বিষয়ে সরকারকে সম্পূর্ণ তৎপর থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি এ দেশের মানুষের জীবন ও অস্তিত্বের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র করা হয়, তবে লংমার্চের কর্মসূচিতে শামিল হতে একবিন্দুও দেরি করা হবে না। পথসভায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়েও রাজনৈতিক মন্তব্য করেন আখতার হোসেন।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নতুন কোনো দূরভিসন্ধি বরদাশত করা হবে না। এই বিষয়ে দেশের মানুষ সম্পূর্ণ সতর্ক রয়েছে বলে উল্লেখ করেন তিনি। কাটাখালী পৌর এনসিপির আহ্বায়ক মাসউদুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্যসচিব শফিকুল ইসলাম সজীবের পরিচালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এনসিপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এনসিপির আহ্বায়ক এম এ সবুর, সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু এবং মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলীসহ স্থানীয় দলের অন্যান্য নেতৃবৃন্দ।