ঢাকা | নভেম্বর ৮, ২০২৬ - ১১:১৪ অপরাহ্ন

শিরোনাম

ভর্তি পরীক্ষার অজুহাতে রাকসু নির্বাচন পেছানোর চক্রান্ত চলছে: ছাত্রশিবির

  • আপডেট: Sunday, November 8, 2026 - 10:37 pm

স্টাফ রিপোর্টার: আসন্ন ভর্তি পরীক্ষার দোহাই দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পেছানোর গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে ইসলামী ছাত্রশিবির।

অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়ে আগামী ১০ নভেম্বর মানববন্ধনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত এক সপ্তাহ ধরে উপাচার্যের সাক্ষাতের শিডিউল চাওয়া হলেও নানা ব্যস্ততার কথা বলে সময় দেওয়া হয়নি। এমনকি বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেতনভাবেই রাকসু নির্বাচনকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।

ভর্তি পরীক্ষার সঙ্গে রাকসু নির্বাচনের কোনো সাংঘর্ষিক সম্পর্ক নেই উল্লেখ করে তিনি বলেন, ভর্তি পরীক্ষা একাডেমিক কার্যক্রম আর রাকসু নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। প্রশাসন সদিচ্ছা না দেখিয়ে কেবল অজুহাত তৈরি করছে। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসানসহ বিভিন্ন হলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।