দেবাশিষ প্রামাণিক দেবুর পারলৌকিক কার্যাদি ও জ্ঞাতিভোজ সম্পন্ন
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড দেবাশিষ প্রামাণিক দেবু’র স্মরণে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও জ্ঞাতিভোজ সম্পন্ন হয়েছে।
শুক্রবার দুপুর ১টায় নগরীর সাগরপাড়া এলাকার অনুরাগ কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে গত ২৫ অক্টোবর ভোরে দেবাশিষ প্রামাণিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার প্রয়াতের নিজ বাসভবনে সনাতন শাস্ত্রীয় রীতি অনুযায়ী তাঁর পারলৌকিক শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়।
পরবর্তীতে শুক্রবার আয়োজিত জ্ঞাতিভোজে কমরেড দেবুর আত্মীয়-স্বজনসহ রাজশাহীর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ প্রয়াত জননেতা দেবাশিষ প্রামাণিক দেবুর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন, তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সোনালী/জগদীশ রবিদাস











