ঢাকা | নভেম্বর ৫, ২০২৬ - ১০:৫৫ অপরাহ্ন

শিরোনাম

গ্রীষ্মের আগেই ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী

  • আপডেট: Thursday, November 5, 2026 - 9:52 pm

স্টাফ রিপোর্টার: আগামী বছরের গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুতের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রম বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহব্যবস্থা সংকটের মুখে পড়েছে। গত আট মাসে দেশে বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে সরকারকে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। এই পরিস্থিতিতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। সৌরবিদ্যুৎ দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার একটি অত্যন্ত সাশ্রয়ী ও টেকসই উৎস।

তিনি জানান, জাতীয় লক্ষ্যমাত্রার অংশ হিসেবে রাজশাহীতে আগামী এক মাসের মধ্যে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য অর্জন করতে হবে। এ জন্য প্রতিটি সরকারি কার্যালয়, উপজেলা প্রশাসন, থানা, পৌরসভা ও সিটি করপোরেশনের ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের নির্দেশ দেন মন্ত্রী।

তিনি উল্লেখ করেন, সৌরবিদ্যুতের প্রতি ইউনিট উৎপাদন ব্যয় ৬ টাকা থেকে ৬ টাকা ৫০ পয়সা হলেও নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহের ক্ষেত্রে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য পাওয়ার সুযোগ রয়েছে। ফলে ‘বেশি বেশি সোলার লাগান, কম কম বিদেশের ওপর নির্ভর করেন’—এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী সৌরবিদ্যুৎ ব্যবহারের সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। বক্তব্যে বিদ্যুৎমন্ত্রী মাদক কারবারের সঙ্গে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে কঠোর আইনের আওতায় আনার ওপর বিশেষ জোর দেন।

তিনি বলেন, তরুণ ও শিক্ষার্থী সমাজকে মাদকের ভয়াবহ আসক্তি থেকে রক্ষা করতে হলে কেবল খুচরা বিক্রেতা বা সেবীদের গ্রেপ্তার করলেই চলবে না; এর নেপথ্যে থাকা চোরাচালানকারী ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ করে দিতে প্রতিটি পাড়া-মহল্লায় খেলার মাঠ ও সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার পরামর্শ দেন তিনি। আগামী মাসের সমন্বয় সভায় রাজশাহীতে সৌরবিদ্যুৎ স্থাপনের অগ্রগতি পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, সীমান্ত রুট ব্যবহার করে মাদক প্রবেশ প্রতিরোধে কঠোর নজরদারি চালাতে হবে। কোনো প্রভাব খাটিয়ে মাদক ব্যবসায়ীরা যাতে পার না পায়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে। তিনি আরও জানান, মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফেরাতে রাজশাহী ও চট্টগ্রামে দুটি আধুনিক মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে সরকারি সফরসূচি অনুযায়ী গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য মো. আবু সাইদ চাঁদ, রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন ও পুলিশ সুপার মো. মামুন অর রশিদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।