বাগমারায় বিভিন্ন খেলার পুরস্কার বিতরণ
বাগমারা প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাঁস ধরাসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না।
বাগমারা উপজেলা চত্বরের মধ্যে অবস্থিত একটি পুকুরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এই বর্ণিল প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্থানীয় যুবক-কিশোররা পুকুরে নেমে হাঁস ধরার জন্য মেতে ওঠে। শত শত দর্শক পুকুর পাড়ে ভিড় জমিয়ে এই মজার খেলা উপভোগ করেন।
প্রতিযোগিতায় যে কিশোর সবার আগে হাঁস ধরতে সক্ষম হয়, তাকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বিজয়ীর হাতে পুরস্কার হিসেবে একটি মোবাইল ফোন এবং ধরা হাঁসটি তুলে দেন।
এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কে এম গোলাম মোস্তফা ও উপজেলা ক্রীড়া সংস্থা মোহনপুর রাজশাহীর সদস্য সচিব আসাদুজ্জামান জুয়েলসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইউএনও রিজু তামান্না বলেন, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন গ্রামীণ জনপদে আনন্দের বার্তা ছড়িয়ে দেয়।











