ঢাকা | নভেম্বর ১, ২০২৬ - ৩:০৭ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, November 1, 2026 - 12:14 am

স্টাফ রিপোর্টার: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৭ উদ্যাপন উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সকালে রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল প্রাঙ্গণে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এই উৎসবে রাজশাহী অঞ্চলের ৫৩৩ জন শিক্ষার্থী অংশ নেয়। সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক (উপসচিব) ও অনুষ্ঠানের সভাপতি আবুল কালাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর হুমায়ূন কবীর, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাহারুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান এবং রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষক ড. শাহনাজ বেগম। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের সদস্য-সচিব ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপপরিচালক (প্রশাসন) ড. খিলফাত জাহান যুবাইরাহ্।

অতিথিবৃন্দের বক্তব্যের পর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী অলিম্পিয়াডের নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ক-ক্যাটেগরিতে (৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি) ৩৩৮ জন এবং খ-ক্যাটেগরিতে (১০ম থেকে দ্বাদশ শ্রেণি) ১৯৫ জনসহ সর্বমোট ৫৩৩ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শেষে প্রশ্নোত্তর, উন্মুক্ত আলোচনা, মূল্যায়ন, ফলাফল ঘোষণা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বিশ্বের সকল মাতৃভাষার সংরক্ষণ, পরিবর্ধন ও বিলুপ্তির হাত থেকে রক্ষার লক্ষ্য নিয়ে ২০১০ সালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মাঝে মাতৃভাষা চর্চা, প্রচার ও প্রসার ঘটাতে ২০২৪ সালে প্রথমবারের মতো লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের আয়োজন করে প্রতিষ্ঠানটি। তারই ধারাবাহিকতায় এ বছর চতুর্থবারের মতো দেশব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।