ঢাকা | অক্টোবর ২৮, ২০২৬ - ১:০২ পূর্বাহ্ন

রাবিতে পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, October 27, 2026 - 10:52 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রকৌশল অনুষদ গ্যালারিতে পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মামুনুর রশীদ।

‘ফ্রম ক্ল্যাসিক্যাল স্ট্যাটিস্টিকস টু এজেন্টিক এআই অ্যান্ড এলএলএমস: দ্য ইভোলিউশন অ্যান্ড ফিউচার টু ডাটা সায়েন্স’ শীর্ষক এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাটা সফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট এম মঞ্জুর মাহমুদ।

এ ছাড়া আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তৃতা দেন রাবির পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. রেজাউল করিম। পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগ আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি প্রফেসর ড. মু. মনসুর রহমান।

সেমিনার উদ্বোধন করে উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মামুনুর রশীদ তাঁর বক্তব্যে বলেন, বিশ্ব আজ কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর যুগে প্রবেশ করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহারের জন্য অন্যতম প্রয়োজন পরিসংখ্যানগত তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও এর প্রয়োগ। এই বিষয়ে আমাদের আরও আলোচনা ও গবেষণা প্রয়োজন।

এই সেমিনারে উপস্থাপিত প্রবন্ধ ও এর আলোচনা থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে আরও গবেষণার দিকনির্দেশনা পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরে প্রশ্নোত্তর পর্বে প্রবন্ধ উপস্থাপকগণ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বিভাগের প্রফেসর ড. মো. মনিমুল হক সেমিনারটি সঞ্চালনা করেন। সেমিনারে পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান এবং সংশ্লিষ্ট বিষয়সমূহের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।