ঢাকা | অক্টোবর ১১, ২০২৬ - ১২:১৬ পূর্বাহ্ন

সিটি হাসপাতালকে অত্যাধুনিক হিসেবে গড়ে তোলার আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

  • আপডেট: Saturday, October 10, 2026 - 10:24 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) পরিচালিত রাণীনগরস্থ সিটি হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

শনিবার বিকেলে তিনি হাসপাতালটি পরিদর্শনে যান। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম ঘুরে দেখান।

পরিদর্শনকালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বহির্বিভাগ, বিভিন্ন ল্যাবরেটরি, ওয়ার্ড, কেবিন ও অপারেশন থিয়েটারসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার খোঁজখবর নেন। পরে তিনি হাসপাতালটিকে আধুনিক মানের চিকিৎসাকেন্দ্রে রূপান্তরের আশ্বাস দেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, হাসপাতালটির অবকাঠামো বেশ বড় হলেও ভবনগুলো অনেক পুরোনো। অতীতে অবহেলার কারণে এখানে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হয়নি। রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এটি নিয়ে একটি বাস্তবসম্মত পরিকল্পনা সাজিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। পাশাপাশি দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থার মাধ্যমেও সার্বিক সহায়তা জোরদারের উদ্যোগ নেয়া হবে।

এ সময় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পরবর্তীতে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে এর প্রত্যাশিত উন্নয়ন ঘটেনি। হাসপাতালটিকে একটি পূর্ণাঙ্গ অত্যাধুনিক সেবাকেন্দ্রে রূপান্তর করতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিষয়গুলো তুলে ধরা হবে। আজকের আলোচনায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীও সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। নগরীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, বাসযোগ্য ও স্বাস্থ্যকর করে গড়ে তুলতে নগরবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন রাসিক প্রশাসক।

পরিদর্শনকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ উল ইসলাম, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন এবং সিটি হাসপাতালের ইনচার্জ ও আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বনিসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোনালী/জগদীশ রবিদাস