ঢাকা | অক্টোবর ১১, ২০২৬ - ১:৪১ পূর্বাহ্ন

অধিকার’র প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, October 10, 2026 - 10:29 pm

স্টাফ রিপোর্টার: প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করতে পারে এবং মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মানবাধিকারকর্মী ও বিশিষ্টজনেরা।

তাঁরা বলেন, গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করতে হবে। গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতনসহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের নিরপেক্ষ তদন্ত এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করাও জরুরি।

শনিবার বিকেলে নগরীর আমানা ফুড ভিলের কনফারেন্স রুমে মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন অধিকার-এর রাজশাহী সমন্বয়ক ও সাংবাদিক মঈন উদ্দিন। বক্তারা আরও বলেন, মানবাধিকার রক্ষা শুধু রাষ্ট্রের একক দায়িত্ব নয়; এটি প্রতিষ্ঠায় নাগরিক সমাজ, গণমাধ্যম ও মানবাধিকারকর্মীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আড়াল না করে সেগুলো নিরপেক্ষভাবে তুলে ধরতে হবে। একই সঙ্গে মানবাধিকারকর্মী ও সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন তাঁরা।

সোনালী/জগদীশ রবিদাস