শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনের সম্মাননা নগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক
স্টাফ রিপোর্টার: শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণের স্বীকৃতিস্বরূপ অর্জিত বিশেষ সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
বুধবার বিকেলে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত এক ‘অংশীজন সম্মিলন’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। রাসিক বিশেষ সম্মাননা অর্জন করায় এই আনন্দ ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাসিক প্রশাসককে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং অর্জিত সম্মাননার ক্রেস্ট ও সনদপত্র উন্মোচন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে আমরা গুরুত্ব দিয়ে কাজ করছি। কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রম ও নাগরিকদের সহযোগিতায় আজ এই অনন্য স্বীকৃতি অর্জিত হয়েছে। এই অর্জন আমাদের ভবিষ্যৎ কাজের প্রেরণা জোগাবে।
তিনি আরও বলেন, নগরীকে পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে। ইতিমধ্যে ফুটপাত দখলমুক্তকরণ অভিযান শুরু হয়েছে। পাশাপাশি জ্যেষ্ঠ নাগরিকদের জন্য পার্ক নির্মাণ, খেলার মাঠের উন্নয়ন, ফুটসাল গ্রাউন্ড, দৃষ্টিনন্দন সিটি গেট নির্মাণ এবং অটোরিকশায় শৃঙ্খলা এনে যানজট নিরসনের উদ্যোগ নেয়া হয়েছে।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। এছাড়া বিভিন্ন ওয়ার্ড সচিব, স্বাস্থ্য সহকারী ও অন্যান্য অংশীজনরা বক্তব্য উপস্থাপন করেন। রাসিকের সচিব সোহেল রানা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় সংস্থার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফয়সল তারেক, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকেরসহ অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
রাকসু নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ:
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর নেতৃবৃন্দ। গতকাল বুধবার সন্ধ্যায় নগর ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাকসুর এজিএস ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এস এম সালমান সাব্বির, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ এবং হামিদুল্লাহ নাইম। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশ ও নগর সংক্রান্ত বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তারা প্রশাসকের সঙ্গে আলোচনা করেন।
রাসিক প্রশাসকের সঙ্গে তায়কোয়ান্ডো একাডেমির সাক্ষাৎ:
ঢাকায় অনুষ্ঠিত ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ান্ডো চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ সাফল্য অর্জন করায় রাজশাহী তায়কোয়ান্ডো একাডেমির খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। গতকাল বুধবার বিকেলে নগর ভবনে একাডেমির খেলোয়াড় ও কর্মকর্তারা প্রশাসকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এ সময় রাসিক প্রশাসক বলেন, জাতীয় পর্যায়ে রাজশাহীর তরুণদের এমন সাফল্য পুরো নগরীর জন্য গর্বের। তিনি খেলোয়াড়দের এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। গত ২ ও ৩ অক্টোবর মিরপুর শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় রাজশাহী তায়কোয়ান্ডো একাডেমির খেলোয়াড়রা সিনিয়র, জুনিয়র ও পুমসে ক্যাটাগরিতে একাধিক পদক লাভ করেন। সাক্ষাতকালে একাডেমির কোচ গোলাম সাকলাইন জনি ও টিম ম্যানেজার নাঈমুর রহমান নাঈম উপস্থিত ছিলেন।
সোনালী/জগদীশ রবিদাস











