শিক্ষার্থীদের মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান রাসিক প্রশাসকের
স্টাফ রিপোর্টার: রাজশাহী সরকারি সিটি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার কলেজ প্রাঙ্গণে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, “আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে। শুধু ভালো ফলাফল অর্জনই যথেষ্ট নয়, নিজেদের সৎ, যোগ্য, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। রাজশাহী সরকারি সিটি কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ও জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করবে—এটাই আমাদের বড় প্রত্যাশা।”
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন ও উপাধ্যক্ষ প্রফেসর মনির উদ্দিন আহম্মদ।
মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবার আলী জাকির সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের সদস্য সচিব মো. এমদাদুল হক লিমন এবং মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মিলন।
এ সময় রাজশাহীর শহিদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল ইসলামসহ বিএনপির সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মাহবুব এলাহীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক:
রাজশাহী মহানগরীর ১১ নম্বর ওয়ার্ডের রাজারহাতা পানবর এলাকার বাসিন্দা মরহুম ফজলে এলাহীর মেজো ছেলে মাহবুব এলাহীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। গত রোববার রাত ২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান রাসিক প্রশাসক। সোমবার বাদ জোহর রাজারহাতা জামে মসজিদে অনুষ্ঠিত মরহুমের জানাজার নামাজে রাসিক প্রশাসক নিজে অংশ নেন। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।











