রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাখা ছাত্রদলের তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ বহিষ্কারাদেশ অনুমোদন করেন।
বহিষ্কৃত নেতারা হলেন—রাবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসান এবং ছাত্রনেতা বিশাল চক্রবর্তী।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিব ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসানকে তাঁদের সাংগঠনিক পদ থেকে এবং বিশাল চক্রবর্তীকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।
উল্লেখ্য, গত রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
এ ঘটনায় চারজন সাংবাদিক গুরুতর আহতসহ অন্তত ১০ জন আহত হন।











