ঢাকা | সেপ্টেম্বর ২৩, ২০২৬ - ১১:৩১ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহী-ঢাকা রুটে বাসের ভাড়া বেড়েছে ১০০ টাকা

  • আপডেট: Wednesday, September 23, 2026 - 10:22 pm

স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে রাজশাহী-ঢাকা রুটে লোকাল বাসের ভাড়া ১০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। যাত্রীদের কাছ থেকে ইতিমধ্যেই এই বাড়তি ভাড়া আদায় শুরু করেছে পরিবহন সংস্থাগুলো।

তবে সরকার নির্ধারিত নতুন ভাড়ার তালিকা (চার্ট) পৌঁছায়নি—এমন অজুহাতে দূরপাল্লার অধিকাংশ এসি ও বিজনেস ক্লাসের বাসে পুরোনো ভাড়াই রাখা হলেও কোথাও কোথাও ইচ্ছামতো ভাড়া বাড়ানোর অভিযোগ উঠেছে।

রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী ‘আরপি স্পেশাল’ বাসের ভাড়া আগে ছিল ৬০০ টাকা, যা বর্তমানে ৭০০ টাকা আদায় করা হচ্ছে। ১০০ টাকা ভাড়া বাড়ানোর বিষয়টি নিশ্চিত করে বাসের কাউন্টার মাস্টার মো. সাগর জানান, জ্বালানি তেলের দাম বাড়ায় তারা বাধ্য হয়ে ভাড়া বাড়িয়েছেন। তবে সরকারের নতুন নীতিমালা অনুযায়ী প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১৭ পয়সা বাড়ানো হয়েছে, যা হিসেব করলে রাজশাহী-ঢাকা রুটে সর্বোচ্চ ৫০ টাকা বাড়ার কথা। নিয়মের চেয়ে দ্বিগুণ অর্থাৎ ১০০ টাকা অতিরিক্ত ভাড়া কেন আদায় করা হচ্ছে—এ বিষয়ে জানতে চাইলে আরপি স্পেশালের ওই কাউন্টার মাস্টার কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে রাজশাহী নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকায় ঘুরে দেখা যায়, ন্যাশনাল ট্রাভেলস, শ্যামলী পরিবহন ও দেশ ট্রাভেলসের মতো দূরপাল্লার বিলাসবহুল বাসগুলোর কাউন্টারে এখনো সরকারি নতুন ভাড়ার চার্ট এসে পৌঁছায়নি।

ন্যাশনাল ট্রাভেলসের কর্মকর্তা জানান, তাদের রাজশাহী-ঢাকা রুটের নন-এসি বাসের ভাড়া আগের ৭৩০ টাকাই রাখা হচ্ছে। তবে চার্ট না আসলেও তাদের বিজনেস ক্লাস এসি বাসের ভাড়া ১০০ টাকা বাড়িয়ে ১ হাজার ৪০০ টাকা করা হয়েছে। যদিও ইকোনমিক ক্লাসের এসি বাসের ভাড়া পূর্বের ৯৫০ টাকাই রাখা হয়েছে।

একই রুটের শ্যামলী পরিবহনের কাউন্টার ম্যানেজার এনামুল হক গণমাধ্যমকে জানান, নতুন কোনো ভাড়ার তালিকা হাতে না পাওয়ায় তারা নন-এসি বাসে আগের মতো ৭৩০ টাকা এবং বিজনেস ক্লাস এসি বাসে ১ হাজার ৩০০ টাকাই নিচ্ছেন। মালিকপক্ষ থেকে নতুন চার্ট সরবরাহ করা মাত্রই তারা নতুন ভাড়া কার্যকর করবেন।