আন্তর্জাতিক প্রযুক্তি মঞ্চে রাজশাহীর জয়জয়কার
স্টাফ রিপোর্টার: জাতীয় ও আন্তর্জাতিক প্রযুক্তির মঞ্চে আবারও সাফল্যের স্বাক্ষর রেখেছেন রাজশাহীর কৃতী সন্তান জুনায়িদ আহমাদ রিফাত ও তাঁর দল। সম্প্রতি অনুষ্ঠিত আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘ফিবোনাচ্চি আন্তর্জাতিক রোবটিক্স ও স্টেম অলিম্পিয়াড ২০২৬’-এ অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন তারা।
প্রতিযোগিতায় ‘টিম ইবনে ফিরনাস’-এর দলনেতা হিসেবে জুনায়িদ আহমাদ রিফাত একাদশ-দ্বাদশ শ্রেণির সবুজ বিভাগে (উদ্যোক্তা ও প্রকল্প বিষয়কমূলক) ‘নেক্সটজেন মোবাইল প্লাজমা ইটিপি’ নামের একটি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন।
বিশ্বমঞ্চে অনন্য এই উদ্ভাবন প্রদর্শনের মাধ্যমে জুনায়িদ ও তাঁর দল ব্রোঞ্জ পদকের পাশাপাশি বিশেষ সম্মানসূচক স্বীকৃতি অর্জন করে রাজশাহী তথা পুরো বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন।
বিজ্ঞানের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় জুনায়িদ আহমাদ রিফাতের সাফল্য এবারই প্রথম নয়। এর আগে ‘অষ্টম বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতা ও প্রদর্শনী ২০২৬’-এ তাঁর দল রৌপ্য পদক অর্জন করে এবং পরবর্তীতে মালয়েশিয়ায় অনুষ্ঠিত চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করে।
জাতীয় পর্যায়েও জুনায়িদের ঝুলিতে রয়েছে একাধিক বর্ণিল অর্জন। তিনি ২০২৬ সালের ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে সিনিয়র গ্রুপে উপজেলা পর্যায়ে প্রথম এবং জেলা পর্যায়ে তৃতীয় স্থান লাভ করেন।
এছাড়া নটর ডেম বার্ষিক বিজ্ঞান উৎসব, রাজউক বিজ্ঞান উৎসব এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রকল্প প্রদর্শনীতেও তাঁর উদ্ভাবিত গবেষণা ও প্রকল্প পুরস্কৃত হয়। শৈশব থেকেই প্রখর মেধাবী জুনায়িদ বর্তমানে ঢাকায় অবস্থান করে উদ্ভাবনী বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে নিয়মিত গবেষণা ও কাজ চালিয়ে যাচ্ছেন।
আন্তর্জাতিক পরিমণ্ডলে তাঁর এই ধারাবাহিক সাফল্য রাজশাহীর তরুণ প্রজন্মের জন্য যেমন অনুপ্রেরণার উৎস, তেমনি পুরো দেশের জন্য বিশাল এক গর্বের বিষয়। জুনায়িদ আহমাদ রিফাত ও তাঁর দলের এই অর্জনে রাজশাহীর সুশীল সমাজ ও শুভাকাঙ্ক্ষীরা তাঁদের প্রতি আন্তরিক অভিনন্দন ও ভবিষ্যৎ অগ্রযাত্রার জন্য শুভকামনা জানিয়েছেন।
সোনালী/জগদীশ রবিদাস











