ঢাকা | সেপ্টেম্বর ১৫, ২০২৬ - ১২:২০ পূর্বাহ্ন

শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি, পানিবন্দী মানুষের দূর্ভোগ কমেনি

  • আপডেট: Monday, September 14, 2026 - 10:25 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: পদ্মা, মহানন্দা ও পূর্ণভবা নদীর পানি কমেছে। পানি নামতে শুরু করলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না অনেক মানুষ।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব জানান, গত ২৪ ঘণ্টায় গতকাল সোমবার পদ্মা নদীর পানি কমেছে ৫ সেন্টিমিটার। বর্তমানে পদ্মার পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি।

আর মহানন্দা নদীতে ৬ সেন্টিমিটার ও পূনর্ভবা নদীতে ১ সেন্টিমিটার পানি কমেছে। বন্যা উপদ্রুত এলাকা থেকে ধীরে ধীরে পানি নামবে বলে তিনি জানান।

তবে পানি কমার সঙ্গে সঙ্গে দুর্ভোগও যে কমে যাবে, বাস্তবতা তা বলছে না। সদর ও শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলে এখনো প্রায় সাড়ে চার হাজার পরিবার পানিবন্দি। ঘরবাড়ি, রান্নাবান্না, চলাচল ও নিরাপদ খাবার পানি সংগ্রহ-সবকিছুতেই ভোগান্তি রয়েছে।

প্লাবিত এলাকার মানুষের অভিযোগ, অনেক পরিবার এখনো পর্যাপ্ত ত্রাণসহায়তা পায়নি। পানি কমতে শুরু করলেও চাল, শুকনা খাবার ও খাবার পানির প্রয়োজন রয়েছে। তাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে দ্রুত সহায়তা পৌঁছানোর দাবি জানিয়েছেন তারা। এদিকে প্রশাসন জানিয়েছে, পানিবন্দি পরিবারগুলোর তালিকা তৈরি করে পর্যায়ক্রমে সহায়তা দেওয়া হচ্ছে।

কৃষি বিভাগ জানিয়েছে, প্লাবিত এলাকায় ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি শেষে তাদের সহায়তা দেওয়া হবে। তবে পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্ত জমি ও ফসলের ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে।

প্লাবিত এলাকায় স্বাস্থ্যঝুঁকিও রয়েছে। বন্যার পানিতে চলাচলের কারণে চর্মরোগ ও চুলকানির পাশাপাশি ডায়রিয়াসহ পানিবাহিত রোগের আশঙ্কা রয়েছে। স্বাস্থ্য বিভাগ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের কথা জানিয়েছে।

এদিকে, জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী জানান, ৪৪ মেট্রিক টন চাল এবং ৫ লাখ টাকা বন্যা উপদ্রুত এলাকায় বরাদ্দ দেয়া হয়েছে। আর বন্যা পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হয়েছে।

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল সদর উপজেলার আলাতুলী ও নারায়নপুর ইউনিয়নের বন্যা উপদ্রুত এলাকা পরিদর্শন করে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।