মেয়াদ ছাড়া খাবার বিক্রি, রাজশাহীর ‘তাজা লাইভ বেকারি’কে জরিমানা
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ‘তাজা লাইভ বেকারি’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুর দেড়টায় রাজশাহী মহানগরীর সাহেববাজার পিএন স্কুল সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
অভিযানে দেখা যায়, বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই প্রতিষ্ঠানটি বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন, বিক্রি ও বিতরণ করে আসছিল। এছাড়া পণ্যের ওজন, মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ অন্যান্য লেবেলও যুক্ত ছিল না। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেহরীন তাবাসসুম তিথীর নেতৃত্বে পরিচালিত এ আদালতে প্রসিকিউটর ছিলেন বিএসটিআই রাজশাহী কার্যালয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানে আরএমপির সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই।
সোনালী /জগদীশ রবিদাস











