ঢাকা | সেপ্টেম্বর ২, ২০২৬ - ১১:৪৭ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই: বিভাগীয় কমিশনার

  • আপডেট: Wednesday, September 2, 2026 - 10:22 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি বা কৃত্রিম সংকট নেই বলে জানিয়েছেন নবাগত বিভাগীয় কমিশনার  ইউসুফ আলী।

বুধবার সকালে তাঁর সম্মেলন কক্ষে বিভাগীয় পর্যায়ে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রম ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক বিশেষ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।

বিভাগীয় কমিশনার বলেন, সারের সরবরাহ ও বিতরণ পরিস্থিতি নিয়মিত মনিটরিং করতে হবে এবং বিভ্রান্তিকর তথ্য রোধে প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরতে হবে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় সার পাচার প্রতিরোধ, ভর্তুকির সার প্রকৃত কৃষকের কাছে পৌঁছানো এবং ডিলারদের গুদাম নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশ দেন তিনি। সভায় ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনায় চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে বিশেষ নজর দেয়ার সিদ্ধান্ত হয়।

এছাড়া সড়ক প্রশস্তকরণে বাঁক সোজা করা, দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাটের ক্ষেত্রে অগ্রিম বিজ্ঞপ্তি দেয়া, সরকার নির্ধারিত রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখা এবং দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বারোপ করা হয়। সভায় বিভাগের আট জেলার জেলা প্রশাসক ও দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।