ঢাকা | সেপ্টেম্বর ৩, ২০২৬ - ১২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম

অবৈধ ইটভাটা বন্ধ ও খাল খননের মাটি ইজারা নিয়ে মতবিনিময় সভা

  • আপডেট: Wednesday, September 2, 2026 - 10:28 pm

স্টাফ রিপোর্টার: অবৈধ ইটভাটা বন্ধকরণ এবং খাল খননের মাটি ইজারা প্রদান সংক্রান্ত বিষয়ে রাজশাহীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাজশাহী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী। সভা সঞ্চালনা করেন পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক তাছমিনা খাতুন।

সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষিজমি সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। অনুমোদনহীনভাবে ইটভাটা পরিচালনা, পরিবেশের ক্ষতি এবং কৃষিজমি নষ্ট করার কোনো সুযোগ দেওয়া হবে না। একই সঙ্গে খাল খননের ফলে উত্তোলিত মাটি যথাযথ নিয়ম ও সরকারি বিধিবিধান অনুসরণ করে ইজারা দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে মোহা. সবুর আলী বলেন, পরিবেশ রক্ষা এবং কৃষিজমি সংরক্ষণে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। একই সঙ্গে খাল খননের মাটি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সরকারি নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করতে হবে।

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক তাছমিনা খাতুন বলেন, অবৈধ ইটভাটার কারণে পরিবেশ ও কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশ আইন লঙ্ঘনকারী ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। সংশ্লিষ্ট সবাইকে পরিবেশবান্ধব কার্যক্রম নিশ্চিত করতে হবে।

সভায় রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর, সড়ক বিভাগ রাজশাহীর নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন, সহকারী কমিশনার বোরহান উদ্দিন অন্তর, রাজশাহী জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি সাদরল ইসলামসহ বিভিন্ন উপজেলার ইটভাটা মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সরকারি-বেসরকারি কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।