ঢাকা | সেপ্টেম্বর ১, ২০২৬ - ১১:৩২ অপরাহ্ন

শিরোনাম

সময়সীমা শেষ হলেও জমা পড়েনি রাবির দুই বিভাগের সংঘর্ষের তদন্ত প্রতিবেদন

  • আপডেট: Tuesday, September 1, 2026 - 10:57 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়ার তিন দিনের নির্ধারিত সময়সীমা পার হলেও প্রতিবেদন জমা পড়েনি।

তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে আরও কয়েক দিন সময় লাগবে বলে জানিয়েছেন কমিটির প্রধান অধ্যাপক সাইফুল ইসলাম।

গত সোমবার বিষয়টি নিশ্চিত করে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক সাইফুল ইসলাম জানান, ঘটনাটি অনেক বড় হওয়ায় গভীরভাবে পর্যবেক্ষণের প্রয়োজন।

তথ্য সেল, জনসংযোগ দপ্তর ও হলের সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগগুলোর লিখিত বক্তব্য ও মুখোমুখি আলোচনা শেষে প্রতিবেদন চূড়ান্ত করা হবে।

এর আগে গত বুধবার রাতে টিএসসিসিতে একটি অনুষ্ঠানে বসা নিয়ে উভয় বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ রসায়ন বিভাগের চারজন শিক্ষার্থী আহত হন।

ঘটনার পর কৃষি অনুষদের সাবেক ডিন অধ্যাপক সাইফুল ইসলামকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ৩ কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছিল প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম জানান, জটিল বিষয়টি নির্ভুলভাবে খতিয়ে দেখতেই কমিটি কিছুটা অতিরিক্ত সময় নিচ্ছে।