ঢাকা | অগাস্ট ২৮, ২০২৬ - ১:৩৪ পূর্বাহ্ন

মান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলা

  • আপডেট: Thursday, August 27, 2026 - 10:35 pm

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবকের ওপর তিন রাউন্ড গুলি ছোড়ার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার রাতে ভুক্তভোগী যুবক বাদি হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

ভুক্তভোগী যুবকের নাম সাফি আল জাবের ওরফে নিরব (৩১)। তিনি উপজেলার কশব ইউনিয়নের তুড়ুকবাড়িয়া গ্রামের শাহজাহান মাঝির ছেলে। তাঁর অভিযোগ, গত মঙ্গলবার রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সুলতান মাহমুদ, পারভেজ হোসেন এবং ফয়সাল মাহমুদ রোকনের নেতৃত্বে কয়েকজন যুবক তাঁর পথরোধ করেন।

এ সময় তাঁদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে পিস্তল দিয়ে গুলি ছোড়া হয়। গুলিগুলো লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান।

অভিযোগ ওঠা তিনজন হলেন তুড়ুকবাড়িয়া এলাকার আহম্মেদ আলী আকন্দের ছেলে সুলতান মাহমুদ (২৪), জিয়াউর রহমানের ছেলে পারভেজ হোসেন (২৭) ও ফিরোজ হোসেনের ছেলে ফয়সাল মাহমুদ রোকন (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে তেগাড়া গ্রামের বিশ্ববাঁধ সংলগ্ন সাবেরেরভিটা এলাকায় পরপর তিনটি গুলির শব্দ শোনা যায়। এতে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কয়েকজন বাসিন্দা ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে অভিযুক্ত যুবকেরা সেখান থেকে চলে যান। খবর পেয়ে রাতেই মান্দা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর রাতে গ্রাম পুলিশ শাহাবুদ্দীনের ছেলে শরিফ উদ্দিনকে (২২) হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যা মামলায় সুলতান ও পারভেজ গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। পরে জামিনে বেরিয়ে তাঁরা আরও বেপরোয়া হয়ে উঠেন। তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের একাধিক মামলা নওগাঁ আদালতে বিচারাধীন রয়েছে বলেও অভিযোগ স্থানীয়দের।

ভুক্তভোগী সাফি আল জাবের বলেন, গুলির ঘটনায় তিনি আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আলেফ উদ্দিন বলেন, যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে বলেও জানান তিনি।