রেল কর্মকর্তাদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার: চলন্ত ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের বাধা দেয়াকে কেন্দ্র করে রেল কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার সকালে রাজশাহী রেলওয়ে স্টেশনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা জানান, গত ৭ আগস্ট সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে টিকিট ছাড়া এসি কোচে ভ্রমণকারী যাত্রীদের জরিমানা করায় তারা ক্ষিপ্ত হয়।
পরে ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছালে একদল হামলাকারী চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) আহসান উল্লাহ ভূঁইয়া ও আরএনবি সদস্য ফজলুর রহমানের ওপর হামলা চালায়। মানববন্ধনে কর্মকর্তা-কর্মচারীরা এ ঘটনার সুষ্ঠু বিচার ও কর্মস্থলে নিরাপত্তার দাবি জানান।











