ঢাকা | অগাস্ট ১১, ২০২৬ - ১:৪০ পূর্বাহ্ন

রাজশাহীতে আঞ্চলিক এসএমই পণ্য মেলা আয়োজনের প্রস্তুতি সভা

  • আপডেট: Monday, August 10, 2026 - 10:58 pm

স্টাফ রিপোর্টার: আগামীকাল বুধবার ১২ সেপ্টেম্বর থেকে রাজশাহীতে শুরু হতে যাচ্ছে আঞ্চলিক এসএমই পণ্য মেলা-২০২৬। মেলার আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরই মধ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম’র সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী’র সঞ্চালনায় এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

সভায় জানানো হয়, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শণ ও বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করতে আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬ থেকে রাজশাহীর নজরুল ভিলেজ প্রাঙ্গণে আঞ্চলিক এসএমই পণ্য মেলার আয়োজন করা হয়েছে। মেলায় স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শণ ও বিক্রয়ের সুযোগ পাবেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, এসএমই খাত দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, বাজার সম্প্রসারণ এবং নতুন উদ্যোক্তা তৈরিতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলাটি সফল করতে সংশ্লিষ্ট সব দপ্তর, প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, রাজশাহীর সম্ভাবনাময় ও ঐতিহ্যবাহী পণ্যগুলোকে মেলার মাধ্যমে দেশব্যাপী পরিচিত করার পাশাপাশি উদ্যোক্তাদের জন্য নতুন বাজার ও ব্যবসায়িক যোগাযোগ তৈরির সুযোগ সৃষ্টি করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী বলেন, মেলার আয়োজনকে সফল করতে এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। স্টল ব্যবস্থাপনা, নিরাপত্তা, প্রচার-প্রচারণা, দর্শনার্থীদের সুযোগ-সুবিধা এবং সার্বিক ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, এসএমই ফাউন্ডেশনের ম্যানেজার আবু সাইদ, রাজশাহী জেলা কালচারাল অফিসার ড. ফারুকুর রহমান ফায়সাল, দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি মো. লিয়াকত আলী, রাজশাহী চেম্বার অব কমার্সের পরিচালক জিয়াউদ্দিন আহমেদ, রাজশাহী উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি রোজেটি নাজনীন এবং ওয়েব-এর সভাপতি আঞ্জুমান আরা পারভিনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় মেলার সার্বিক আয়োজন, স্টল বরাদ্দ, উদ্যোক্তাদের অংশগ্রহণ, প্রচার-প্রচারণা, নিরাপত্তা ব্যবস্থা এবং দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন), শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন, রাজশাহীর সহযোগিতায় এ আঞ্চলিক এসএমই পণ্য মেলা অনুষ্ঠিত হবে।