ঢাকা | অগাস্ট ৩, ২০২৬ - ১১:০৭ অপরাহ্ন

শিরোনাম

রামেবি ভিসির পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি

  • আপডেট: Monday, August 3, 2026 - 10:15 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হকের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ‘রাজশাহীর আপামর ছাত্র-জনতা’র ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচিতে বক্তারা উপাচার্য ডা. জাওয়াদুল হকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে অনতিবিলম্বে তার পদত্যাগ দাবি করেন। কর্মসূচি চলাকালে আন্দোলনকারীরা উপাচার্যের বিরুদ্ধে নানা রকম স্লোগান দেন এবং একপর্যায়ে তার প্রতিকৃতিতে জুতাপেটা করে প্রতীকী প্রতিবাদ জানান।

আন্দোলনকারীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের গাছ কাটা, পুরোনো ভবন ও সীমানাপ্রাচীর বিক্রি, টেন্ডার প্রক্রিয়ায় স্বজনপ্রীতি, নিয়মবহির্ভূত নিয়োগ এবং আর্থিক দুর্নীতির সঙ্গে উপাচার্য সরাসরি জড়িত। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়ম লঙ্ঘন করে পছন্দের ব্যক্তিদের বসানো হয়েছে বলেও তারা দাবি করেন। একই সঙ্গে উপাচার্যের স্থাবর-অস্থাবর সম্পদের উৎস অনুসন্ধানে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তারা।

সমাবেশে একাত্মতা প্রকাশ করে রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আমাদের এই সোচ্চার ভূমিকা চলমান থাকবে। অতীতে যারা অনিয়ম ও বৈষম্যমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, তাদের মতো বিতর্কিত ব্যক্তিদের এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা সমীচীন নয়।

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে রাজশাহী মহানগর কৃষক দলের সভাপতি শরফুজ্জামান, বোয়ালিয়া পশ্চিম থানা বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে রামেবি ভিসির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় আগামীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।