ঢাকা | অগাস্ট ৪, ২০২৬ - ১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম

দাবির মুখে রাবি থেকে বিতর্কিত বিলবোর্ড সরাল প্রশাসন

  • আপডেট: Monday, August 3, 2026 - 10:27 pm

স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের দাবির মুখে বিতর্কিত ছবিসংবলিত একটি বিলবোর্ড অপসারণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। গতকাল সোমবার সকালে ক্যাম্পাসের প্যারিস রোড থেকে বিলবোর্ডটি সরিয়ে নতুন বিলবোর্ড স্থাপন করা হয়।

জানা গেছে, ‘নভো-কালচার’ নামে একটি সংগঠনের উদ্যোগে প্যারিস রোডে ‘জুডিশিয়াল কিলিং’ শীর্ষক বিলবোর্ডটি স্থাপন করা হয়েছিল। এতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী, মতিউর রহমান নিজামীসহ কয়েকজনের ছবি ছিল। রোববার এর প্রতিবাদ জানিয়ে বিলবোর্ড অপসারণের দাবিতে আন্দোলন ও প্রক্টরের কাছে স্মারকলিপি দেয় সাধারণ শিক্ষার্থী ও বামপন্থী ছাত্রসংগঠনের নেতারা।

দাবির মুখে রোববার রাতে উপাচার্যের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হয়। বৈঠকে বিতর্কিত ছবিগুলো সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের পর সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিলবোর্ডটি সরিয়ে ফেলে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, পোস্টারটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হওয়ায় আলোচনার মাধ্যমে বিতর্কিত অংশগুলো সরিয়ে ফেলা হয়েছে। এর প্রেক্ষিতে আন্দোলনকারীরাও কর্মসূচি প্রত্যাহার করেছেন।