ঢাকা | অগাস্ট ৩, ২০২৬ - ১২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম

রাবিতে চার বছরে সাড়ে তিন হাজার শিক্ষার্থী পেলেন ২ কোটি টাকার স্বাস্থ্য বীমা সুবিধা

  • আপডেট: Sunday, August 2, 2026 - 10:18 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয়ের আর্থিক চাপ কমাতে চালু করা স্বাস্থ্য বীমা প্রকল্প চার বছরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ২৬ এপ্রিল পর্যন্ত ৩ হাজার ৬০৩ জন শিক্ষার্থীকে মোট ২ কোটি ১ লাখ ২৯ হাজার ৮৫১ টাকার বীমা সুবিধা দেয়া হয়েছে। প্রিমিয়াম বাবদ ২ কোটি ৭০ লাখ ৯৫ হাজার ৩৭৫ টাকা পেলেও দাবি পরিশোধ ও আনুষঙ্গিক খরচে বীমা কোম্পানির প্রায় ৪৮ লাখ টাকা লোকসান হয়েছে বলে জানা গেছে।

গত ২৬ এপ্রিল জেনিথ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রকাশিত ক্লেইম রিপোর্ট থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এ সময় ১০ জন মৃত শিক্ষার্থীর পরিবারকে ২০ লাখ টাকা দেওয়া হয়েছে। বর্তমানে ২২৫টি আবেদন প্রক্রিয়াধীন এবং ৪৯টি আবেদন যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে।

প্রকল্পের আওতায় শিক্ষার্থীরা বছরে ২৫০ টাকা প্রিমিয়ামের বিপরীতে হাসপাতালে ভর্তি চিকিৎসায় সর্বোচ্চ ৮০ হাজার এবং বহির্বিভাগে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত সুবিধা পান। ছাত্রত্ব বহাল থাকা সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (ৎঁ.ধপ.নফ) ‘ঝঃঁফবহঃ ওহংঁৎধহপব’ পোর্টালে অনলাইন আবেদনের মাধ্যমে এ অর্থ সরাসরি শিক্ষার্থীর ব্যাংক বা রকেট হিসেবে জমা হয়।

সুবিধাভোগী শিক্ষার্থী মো. আবু হাসনাত আবদুল্লাহ ও সাকিব আল হাসান জানান, জটিল রোগের ব্যয়বহুল চিকিৎসায় বীমার অর্থ বড় স্বস্তি দিয়েছে। তবে আবেদন প্রক্রিয়া সহজীকরণ এবং বিশ্ববিদ্যালয়ে একটি তথ্যকেন্দ্র স্থাপনের দাবি জানান তারা। রাবির ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশিদ আলম বলেন, নির্ধারিত নীতিমালা মেনে সঠিক কাগজপত্রসহ অনলাইনে আবেদন করলে শিক্ষার্থীরা প্রাপ্য অর্থ পেয়ে থাকেন।

জেনিথ লাইফের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. আনোয়ার হোসেন লোকসান সত্ত্বেও শিক্ষার্থীদের সেবা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম জানান, মধ্যবিত্ত পরিবারের অসুস্থ শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই চলতি বছর বীমার মেয়াদ নবায়ন করা হয়েছে। জটিল রোগে আক্রান্তদের দ্রুত এ সুবিধার আওতায় আসার আহ্বান জানান তিনি।