জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয়: রিজভী
স্টাফ রিপোর্টার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই ছিল একটি তাৎপর্যপূর্ণ বিপ্লব, একটি ঐতিহাসিক অভ্যুত্থান।
নিঃসন্দেহে এই বিপ্লব কোনো অংশেই ফরাসি বিপ্লবের চেয়ে কম নয়। ফরাসি বিপ্লব ছিল মানুষের অধিকার ও নাগরিক স্বাধীনতা প্রতিষ্ঠার সংগ্রাম। আর জুলাই বিপ্লবেও গণতন্ত্র, নাগরিক স্বাধীনতা ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠার জন্য তরুণরা রক্ত দিয়েছে।
রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘রক্তাক্ত জুলাই: স্মরণ, প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ইতিহাস বলে প্রতিটি বিপ্লবেই রক্ত ঝরে। কিন্তু জুলাই বিপ্লবে এক মাসে যে পরিমাণ রক্ত ঝরেছে, তা পৃথিবীর অনেক বিপ্লবের ক্ষেত্রেই বিরল। গ্রামের পর গ্রাম, শহরের পর শহর তরুণদের লাশ পড়ে থাকতে দেখা গেছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাষ্ট্রের দমন-পীড়নের শিকার হয়েছে।
তিনি আরও বলেন, এই আন্দোলনের মানবিকতা ছিল অনন্য। এক বন্ধু গুলিবিদ্ধ হলে তাকে বাঁচাতে অন্য বন্ধু ছুটে গেছে। কেউ আহত হলে অন্যরা পানি নিয়ে এগিয়ে এসেছে। বিশ্বের বিভিন্ন বিপ্লবে এমন দৃশ্য দেখা গেলেও, আমরা তা নিজের চোখে জুলাই বিপ্লবে প্রত্যক্ষ করেছি।
সাবেক সরকারের সমালোচনা করে রিজভী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে নির্বিচারে গুলি চালানো হয়েছে। সামনে, পেছনে, ডানে-বামে—সব দিক থেকে গুলি ছুড়েও এই আন্দোলন থামানো যায়নি। ছাত্ররা মৃত্যুকে উপেক্ষা করে রাজপথে এগিয়ে গেছে।
রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ মামুন।











