ঢাকা | অগাস্ট ৩, ২০২৬ - ১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম

গণভোটের রায় না মেনে বিএনপি বেইমানি করেছে: রাবি শিবির সেক্রেটারি

  • আপডেট: Sunday, August 2, 2026 - 10:20 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক হাফেজ মেহেদী হাসান অভিযোগ করে বলেছেন, সরকার গণভোটের রায়কে তোয়াক্কা করেনি। বিএনপি জনগণের রায়ের সঙ্গে বেইমানি ও জাতীয় মুনাফেকি করেছে।

গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাবি শাখা ছাত্রশিবির আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে হাফেজ মেহেদী হাসান বলেন, ১২ ফেব্রুয়ারি দেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। সরকার গঠনের পর বিএনপি ৭০ শতাংশ মানুষের গণভোটের রায়কে তোয়াক্কা করেনি। ৪৯ শতাংশ ভোট নিয়ে সরকার গঠন করলেও ৭০ শতাংশ মানুষের রায় না মেনে তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

তিনি আরও বলেন, জনগণের গণরায় বাস্তবায়ন না করা হলে ইসলামী ছাত্রশিবির সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। এছাড়া ১৯৯৫ সালের তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি তৎকালীন ক্ষমতাসীনদের বিভিন্ন মন্তব্যের সমালোচনা করেন এবং বিচার দাবিতে সোচ্চার থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শাখা ছাত্রশিবিরের মিডিয়া সম্পাদক মেহেদী সজীবের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে সংগঠনের অফিস সম্পাদক শামীম পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।