২৩৮ পরীক্ষার্থীর বৃত্তির ফল স্থগিত, পুনর্মূল্যায়নের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার: প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে অসংগতির অভিযোগ তুলে পুনরায় উত্তরপত্র মূল্যায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
বৃহস্পতিবার সকাল ১০টায় বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আনোয়ার হোসেনের মাধ্যমে প্রদান করা হয়।
অভিভাবকদের অভিযোগ, রাজশাহী উপশহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অন্তর্ভুক্ত ১১টি বিদ্যালয়ের ২৩৮ জন শিক্ষার্থীর ফল প্রকাশ করা হয়নি। একটি সম্পূর্ণ কেন্দ্রের শিক্ষার্থীদের ফলাফল না আসা কারিগরি বা প্রশাসনিক অবহেলার ইঙ্গিত দেয়। মানববন্ধনে অভিভাবক ড. আজিবর রহমান লিখিত বক্তব্যে সাত দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দ্রুত সংশোধিত ফল প্রকাশ, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণ এবং আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে সমাধান নিশ্চিত করা। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আনোয়ার হোসেন জানান, ওএমআর (ঙগজ) পদ্ধতিতে মূল্যায়নের সময় কারিগরি ত্রুটির কারণে এমনটা ঘটে থাকতে পারে। লিখিত আবেদনগুলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হচ্ছে এবং দ্রুত সমস্যাটি খতিয়ে দেখা হবে।











